সংসার চালাতে চাটনি বিক্রি করতেন মা, মেয়ে এখন ৬০ কোটি টাকার মালিক

· Prothom Alo

বলিউডের পরিচিত মুখ সোনালি কুলকার্নি। ‘দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’, ‘সিংহাম’ ইত্যাদি সিনেমা তাঁকে হিন্দি চলচ্চিত্রের দর্শকের কাছে আলাদা পরিচিতি দিয়েছে। তবে পর্দার এই অভিনেত্রীর শৈশব কেটেছে সাধারণ এক পরিবারে। সংসারের খরচ চালাতে নানা কাজ করতেন তাঁর মা। কখনো চাটনি বিক্রি করতেন, কখনো বানাতেন টিফিন। বাড়িতে চালাতেন শিশুদের দেখাশোনার কেন্দ্রও। মায়ের এসব কাজে সহযোগিতা করতেন সোনালি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, কীভাবে নিজের উপার্জন ও করসংক্রান্ত অভিজ্ঞতা তাঁকে অর্থের মূল্য বুঝতে শিখিয়েছে।

সংসার চালাতে মায়ের সংগ্রাম
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি বলেন, তাঁদের পরিবারে কখনো এত টাকা ছিল না যে আয়কর দিতে হবে। সংসারের খরচ মেটাতে তাঁর মাকে নানা কাজ করতে হতো। সোনালি বলেন, ‘আমার পরিবার খুবই সাধারণ ছিল। আমাদের কখনো এত টাকা ছিল না যে আয়কর দিতে হবে। সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন, টিফিন বানাতেন। বাড়িতে একটি ডে-কেয়ার সেন্টারও ছিল। আমি ছিলাম মায়ের প্রধান সহকারী।’

Visit arroznegro.club for more information.

সোনালি কুলকার্নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ছোটবেলা থেকেই মায়ের পরিশ্রম কাছ থেকে দেখেছেন সোনালি। সংসারের প্রয়োজনে মাকে নানা কাজ করতে দেখে বুঝেছেন, জীবনে এগিয়ে যেতে হলে পরিশ্রমের বিকল্প নেই। পরিবারের কাছ থেকে পাওয়া এই শিক্ষা পরবর্তী সময়ে তাঁর জীবনেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আয়কর দপ্তরের নোটিশ, চোখে জল
অভিনয়জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর একসময় আয়কর দপ্তরের নোটিশ পান সোনালি। দিতে হয় জরিমানাও। জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি তিনি। জরিমানার টাকা পরিশোধ করতে চেক লেখার সময় আবেগ ধরে রাখতে পারেননি। একসময় যে পরিবারে আয়কর দেওয়ার মতো আয় ছিল না, সেই পরিবারের মেয়েকেই তখন নিজের উপার্জনের ওপর কর দিতে হচ্ছে—বিষয়টি তাঁকে আবেগপ্রবণ করে তুলেছিল।

সোনালি কুলকার্নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সেই দিনের কথা স্মরণ করে সোনালি বলেন, ‘একদিন আয়কর দপ্তরের নোটিশ পেলাম। জরিমানাও দিতে হয়েছিল। চেক লেখার সময় সেদিন আমি খুব কেঁদেছিলাম। কখনো কল্পনাও করিনি যে এত টাকা উপার্জন করব। বিষয়টি ভীষণ খারাপ লেগেছিল। তবে সেদিনই বুঝতে পারি, উপার্জন করতে পারলে বিনিয়োগ সম্পর্কেও জানতে হবে, করব্যবস্থাও বুঝতে হবে।’

স্বামীর সঙ্গে আলাদা আর্থিক হিসাব
এখন বুঝেশুনে বিনিয়োগ করেন সোনালি। নিজের উপার্জনের অর্থ আলাদা করে রাখেন, আর্থিক পরিকল্পনাও করেন সতর্কভাবে। ব্যক্তিগত জীবনেও অর্থের হিসাব আলাদা রাখার নীতি অনুসরণ করেন তিনি। স্বামী নাচিকেতের সঙ্গে সংসার করলেও দুজনের অর্থ একসঙ্গে মিশিয়ে ফেলেন না।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখন আমি বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করি। নিজের টাকা সব সময় আলাদা রাখি। নাচিকেত আর আমি আমাদের অর্থ একসঙ্গে মিশিয়ে ফেলি না।’

হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী

এখন কত টাকার মালিক
ভারতীয় গণমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, সোনালির সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।

দীর্ঘ অভিনয়জীবনে হিন্দিসহ বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন সোনালি। ‘দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’ ও ‘সিংহাম’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন। অভিনয় থেকেই এসেছে তাঁর বেশির ভাগ আয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

সোনালি কুলকার্নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source