চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ৫ লাখ টাকা করে ফেরত পাবেন
· Prothom Alo

দেশের শেয়ারবাজারের চারটি ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ‘ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড’ থেকে এই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার বিএসইসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। পরে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
Visit zeppelin.cool for more information.
যে চার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাবেন, সেগুলো হচ্ছে বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত ও অনিষ্পন্ন দাবির বিপরীতে এই অর্থ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে কমিশন।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ২৯ সেপ্টেম্বর শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির শিকার হওয়া বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করে। প্রথম দফায় মশিউর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের মধ্যে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়।
পুঁজিবাজারে অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে খেলাপি হওয়া পাঁচটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৩৩২ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ৭২ কোটি টাকা পাওনা পরিশোধ করবে ডিএসই।
কমোডিটি ডেরিভেটিভসে ৬ সংস্থা
এদিকে দেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া কমোডিটি এক্সচেঞ্জে লেনদেনের অনুমোদন পেয়েছে ছয় ব্রোকারেজ হাউস। গতকাল বিএসইসির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চালু হতে যাওয়া কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন করা যাবে। তবে ভবিষ্যতে ব্রোকারেজ হাউসের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী বছরের মধ্যে সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ চালু হওয়ার কথা রয়েছে।