ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমা

· Prothom Alo

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক তিনি।

Visit freshyourfeel.org for more information.

১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের জন্য ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থী মনোনয়নপত্র দিতে পারবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। এ কারণে ভোটাভুটির দরকার পড়ে না।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।

জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০টি আসন দল কিংবা জোটের মধ্যে বণ্টন করা হয়।

এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া রয়েছে। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায়। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম আসে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ ছাড়েন।

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ২২ অক্টোবরের চিঠিতে এলিজা জামানকে দল ও জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়। চিঠি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর আসনের (সংরক্ষিত নারী আসন ২৩) উপনির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের রাজনীতিতে যুক্ত এলিজা জামান। দলের ওয়েবসাইটে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের তালিকায় তাঁর নাম রয়েছে।

গত বছরের ২১ সেপ্টেম্বর ঘোষিত পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব করা হয়।

ফেরদৌস আহমেদ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৭০ জন

এলিজা জামান জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর–১ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনটির উপনির্বাচনে মনোনয়ন পেতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী, সাবেক সংসদ সদস্য এবং মহানগর ও জেলা পর্যায়ের সংগঠকেরা ফরম সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেলেন এলিজা জামান।

পিন্টুর বোন, নিউটনের স্ত্রী—ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক উত্থানের গল্প

Read full story at source