শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
· Prothom Alo

ফরিদপুর বন্ধুসভার আয়োজনে শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে একটি সোনালি বিকেল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চারটার দিকে শহরের টেপাখোলা মহল্লায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
Visit afsport.lat for more information.
সূচনা বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। তিনি বলেন, ‘আগামী ৪ নভেম্বর প্রথম আলো পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আজ আপনাদের নিয়ে বন্ধুসভার পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হলো।’
নিজের অভিব্যক্তি তুলে ধরে শান্তিনিবাসের নিবাসী শেখ সাজ্জাদ হোসেন (৭৪) বলেন, তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গাড়িচালক ছিলেন। দুই ছেলে ও চার মেয়ের বাবা। ছেলেদের পরিচয় তিনি দিতে চান না। ছয়তলা একটি বাড়ি ছিল, যেটি ছেলেমেয়েদের নামে লিখে দিয়েছেন। এর পর থেকে তিনি গত ৯ বছর ৯ মাস এ কেন্দ্রের নিবাসী। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখলে তাঁর অতীতের স্মৃতি ও ছেলেমেয়েদের কথা মনে পড়ে যায়। বলতে বলতে এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কথা বলেন আরেক নিবাসী নূর জাহান বেগম (৬৯)। তিনি ফরিদপুর সদরের হাড়োকান্দি এলাকার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল নগরকান্দার বিলনালিয়া গ্রামে। বিয়ের দুই মাসের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর স্বামীকে আত্মীয়স্বজনেরা হত্যা করেন। বিধবা হয়ে তিনি আবার বাবার বাড়ি হাড়োকান্দিতে ফিরে আসেন। তাঁর আরও দুই বোন ছিলেন। বাবা ও মায়ের মৃত্যুর পর দুই বোনের বিয়ে হয়। একসময় তাঁকে চক্রান্ত করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়।
পিঠা উৎসবে ছিল চিতই পিঠা, পাটিসাপটা, অন্দশা, তালের বড়া, পাকান ও ভাপা পিঠা। এর পাশাপাশি পানি ও কোমল পানীয় পরিবেশন করা হয়।
ফরিদপুর বন্ধুসভার একটি ভালো কাজ।অনুষ্ঠানে নচিকেতার লেখা ‘ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার’ এবং বাউলশিল্পী শাহ আলম সরকারের ‘দুখের দরদি মা, জনম দুখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুখিনী মা’ গান দুটি পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার সদস্য গামছা কাজল।
অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহিদ উল্লা, মফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, অজয় দাস, রেজাউল করিম, মানিক কুন্ডু, পলাশ সাহা, এহ্তে শাম শাওন ও শ্যামল মন্ডল।
ফরিদপুর বন্ধুসভার সহসভাপতি মানিক কুন্ডু বলেন, ‘প্রথম আলোর বর্ষপূর্তি উপলক্ষে আমাদের একটি ভালো কাজ করার পরামর্শ দেওয়া হয়। সে উদ্যোগের অংশ হিসেবে আজ ফরিদপুরের শান্তিনিবাসের প্রবীণদের নিয়ে এ পিঠা উৎসবের আয়োজন করি।’
সভাপতি, ফরিদপুর বন্ধুসভা