পদ্মায় জালে ধরা পড়ল ৭২ কেজির তিন বড় মাছ, ১ লাখ ৬০ হাজারে বিক্রি

· Prothom Alo

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি বড় কাতলা ও একটি মহাবিপন্ন বাগাড় মাছ। মাছ তিনটির মোট ওজন প্রায় ৭২ কেজি। পরে দৌলতদিয়া ঘাটের মাছবাজারের একটি আড়তে উন্মুক্ত নিলামে মাছ তিনটি ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

আজ সোমবার ভোরের দিকে মাছগুলো ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মৎস্য আড়তে নিলামে মাছ তিনটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।দুটি বড় কাতলা হাতে মাছ ব্যবসায়ীরা। আজ সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট বাজারে। ছবি: প্রথম আলো

দুটি বড় কাতলা হাতে মাছ ব্যবসায়ীরা। আজ সোমবার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট বাজারে

স্থানীয় মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবীরা বলেন, আজ ভোররাতের দিকে স্থানীয় জেলে সেকেন সরদার তাঁর দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর তা তুলতেই দুটি কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পান তাঁরা। পরে মাছগুলো দৌলতদিয়া ঘাট মাছবাজারের শিপন মণ্ডলের আড়তে নিয়ে ওজন করা হয়। এর মধ্যে একটি কাতলার ওজন ২৫ কেজি, অন্যটি ছিল প্রায় ২২ কেজি।

এদিকে জেলে অসেল সরদারের জালেও আজ ভোরে ধরা পড়ে একটি নিষিদ্ধ মহাবিপন্ন বাগাড়। শিপন মণ্ডলের আড়তে নিয়ে ওজন করে দেখা যায় এটি ২৫ কেজি।
উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের কাতলাটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে ৫৭ হাজার ৫০০ টাকায় এবং ২২ কেজি ওজনের কাতলাটি একই দরে ৫০ হাজার ৬০০ টাকায় কেনেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। দুটি কাতলা কিনতে তাঁর খরচ হয় প্রায় ১ লাখ ৮ হাজার ১০০ টাকা।

এদিকে ২৫ কেজি ওজনের নিষিদ্ধ মহাবিপন্ন বাগাড়টিও নিলামে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ৪০ হাজার টাকায় কেনেন শাহজাহান শেখ। সব মিলিয়ে মাছ তিনটি কিনতে তাঁর খরচ হয় ১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। পরে মুঠোফোনে যোগাযোগ করে মাছ তিনটি মাছ সিলেটের এক ইতালিপ্রবাসীর কাছে বিক্রি করেন তিনি।

শাহজাহান শেখের ভাষ্য, দুটি কাতলা প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় এবং বাগাড়টি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। সব মিলিয়ে মাছ তিনটি বিক্রি হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকায়।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় বাগাড় মহাবিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, বাগাড় শিকার, ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। তবে আইন উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায়ই প্রকাশ্যে বাগাড় শিকার ও নিলামে বিক্রির ঘটনা ঘটছে।

Read full story at source