বিয়ে করলেন অনিরুদ্ধ, পাত্রী ২৫ হাজার কোটি টাকার উত্তরাধিকারী

· Prothom Alo

ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর আর সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারান এখন স্বামী-স্ত্রী। দীর্ঘদিনের গুঞ্জন আর নানা জল্পনার অবসান ঘটিয়ে ১১ নভেম্বর গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয়েছে এই আয়োজন। বিয়ের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Visit grenadier.co.za for more information.

বিয়ের পর নিজেদের প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির সঙ্গে ছোট্ট অথচ রোমান্টিক একটি ক্যাপশনও জুড়ে দেন তিনি, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য। ১১.১১।’ ছবিতে অনিরুদ্ধর পরনে ছিল হাতির দাঁতের রঙের ওপর নকশা করা ঐতিহ্যবাহী পোশাক। কাব্য পরেছিলেন হালকা গোলাপি রঙের কারুকাজ করা লেহেঙ্গা। দুজনের হাত ধরা, মুখে হাসি। চারপাশে ছড়িয়ে পড়ছে ফুলের পাপড়ি। পেছনে সাদা ও হলুদ ফুলের সাজে তৈরি করা হয়েছিল বিয়ের মঞ্চ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর—দুই দিন ধরে চলেছে বিয়ের আয়োজন। অতিথিদের তালিকায় ছিলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও রাজনীতির জগতের পরিচিত ব্যক্তিরা। উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অনিরুদ্ধের সঙ্গে রজনীকান্তর পারিবারিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে কাব্যর বাবা কালানিথি মারানের পরিবারের সঙ্গেও স্ট্যালিনের আত্মীয়তার যোগ রয়েছে।

গ্রিসে বিয়ের পর ২১ নভেম্বর চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা রয়েছে। এ অনুষ্ঠানে চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা ও ক্রিকেট অঙ্গনের আরও অনেক পরিচিত মুখের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

গুঞ্জন থেকে বিয়ের মঞ্চে
অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। বেশ কিছুদিন ধরেই তাঁদের ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন চলছিল। তবে দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। ২০২৫ সালের জুনে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে তা উড়িয়ে দিয়েছিলেন। মজা করে লিখেছিলেন, ‘বিয়ে নাকি? হা হা! বন্ধুরা, শান্ত হও। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করো।’

বিয়ে করেছেন অনিরুদ্ধ ও কাব্য। ইনস্টাগ্রাম থেকে

এরপরও আলোচনা থামেনি। ২০২৬ সালে অনিরুদ্ধর চাচা, অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাঁর বিয়ের প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, অনিরুদ্ধর বিয়ের খবর সত্যি এবং এ নিয়ে পরিবারে প্রস্তুতি চলছে। তাঁর বক্তব্যের পর গুঞ্জন আরও জোরালো হয়।

বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে অক্টোবর মাসে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তাঁর স্ত্রী কাবেরী মারান মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সঙ্গে দেখা করে তাঁদের মেয়ের বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণ জানিয়েছেন। ২১ নভেম্বর চেন্নাইয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। এরপর গ্রিসে বিয়ের খবর সামনে আসে।

কে এই কাব্য মারান
কাব্য মারান ভারতের অন্যতম পরিচিত ব্যবসায়ী পরিবারের সদস্য। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও কাবেরী মারানের মেয়ে। সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক।
হুরুন রিচ লিস্ট ২০২৬-এর হিসাব অনুযায়ী কালানিধি মারানের আনুমানিক সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার কোটি টাকা। অন্যদিকে ফোর্বসের হিসাবে, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। কাব্য তাই ২৫ হাজার কোটি টাকার উত্তরাধিকারী।

বিয়েতে ছিলেন রজনীকান্ত। ইনস্টাগ্রাম থেকে

কালানিধি মারানের সম্পদের বড় উৎস সান টিভি নেটওয়ার্ক। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দক্ষিণ ভারতের অন্যতম বড় গণমাধ্যম গোষ্ঠীতে পরিণত হয়েছে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি রেডিও, সংবাদপত্র, সরাসরি সম্প্রচার সেবা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যবসায়ও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, সান টিভির চ্যানেলগুলো ভারতের ১৪ কোটির বেশি পরিবারের কাছে পৌঁছায়।

এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে ক্রিকেটও। সান টিভি নেটওয়ার্কের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের পরিচিত দলগুলোর একটি। ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেওয়ার পর ২০১৩ সালে আইপিএলে যাত্রা শুরু করে দলটি। ক্রিকেটের জনপ্রিয়তা ও সম্প্রচার ব্যবসার সংযোগ মারান পরিবারের ব্যবসায়িক পরিচিতিকে আরও বিস্তৃত করেছে।

অতিথিদের সঙ্গে বর–কনে। ইনস্টাগ্রাম থেকে

আইপিএলের মৌসুমে মাঠে দলের খেলা দেখতে প্রায়ই দেখা যায় কাব্যকে। দলের জয়-পরাজয়ে তাঁর উচ্ছ্বাস, উদ্বেগ কিংবা হতাশার মুহূর্তগুলো টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে। ফলে ক্রিকেটপ্রেমীদের কাছেও তিনি পরিচিত মুখ। ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী হলেও কাব্য নিজেও পারিবারিক প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন।
কাব্যর বাবা কালানিথি মারান ভারতের প্রভাবশালী গণমাধ্যম উদ্যোক্তাদের একজন। তাঁর প্রতিষ্ঠিত সান গ্রুপের অধীন রয়েছে টেলিভিশন চ্যানেল, চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা। সানরাইজার্স হায়দরাবাদও এই ব্যবসায়িক সাম্রাজ্যের অংশ।  

বিয়েবাড়ির গায়ক থেকে প্যান–ইন্ডিয়ান তারকা, এখন পারিশ্রমিক নেন ৩০ কোটি টাকা

‘কোলাভেরি ডি’ থেকে বলিউডের ‘জওয়ান’
অনিরুদ্ধ রবিচন্দর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত সংগীত পরিচালক। ২০১২ সালে ধানুশ অভিনীত তামিল ছবি ‘থ্রি’-এর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি পরিচিতি পান তিনি। গানটি শুধু দক্ষিণ ভারতেই নয়, ভারতজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ইউটিউবে গানটির সাফল্য তাঁকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও পরিচিত করে তোলে।

এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। রজনীকান্তর ‘পেট্টা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টাইয়ান’, বিজয়ের ‘কাথথি’, ‘মাস্টার’, ‘বিস্ট’, অজিতের ‘ভালিমাই’সহ বিভিন্ন ছবিতে তাঁর সংগীত আলোচিত হয়েছে। তামিলের পাশাপাশি তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি। ২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। ছবির গান ও আবহসংগীত তাঁকে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও আরও পরিচিত করে তোলে।

অনিরুদ্ধর আরেকটি পরিচয়, তিনি রজনীকান্তর ভাগনে। তাঁর মা লক্ষ্মী রবিচন্দর রজনীকান্তর স্ত্রী লতা রজনীকান্তর বোন। ফলে সংগীত ও চলচ্চিত্রের পাশাপাশি পারিবারিকভাবেও দক্ষিণ ভারতের চলচ্চিত্রজগতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

Read full story at source