বাবার সঙ্গে হুমায়ূন আহমেদের স্মৃতি

· Prothom Alo

হুমায়ূন আহমেদের লেখায় বাবা প্রসঙ্গ বহুবার এসেছে। তাঁর লেখায় বাবা কখনো খুব গম্ভীর, কখনো অদ্ভুত রসিক, কখনো আবার সন্তানের কাছে দূরের মানুষ। হুমায়ূন আহমেদের বাবার নাম ফয়জুর রহমান। পুলিশ কর্মকর্তা ছিলেন। বই পড়তে ভালোবাসতেন। ছেলেমেয়েদের নিয়ে তাঁর নানা স্বপ্ন ছিল। আর ছিল এক অদ্ভুত স্বভাব। সন্তানদের বিচিত্র সব অভিজ্ঞতার মধ্যে ফেলতেন, যেগুলো বড় হয়েও সন্তানেরা ভুলতে পারেননি।

Visit moryak.biz for more information.

ফয়জুর রহমানের ছিল বদলির চাকরি। এ কারণে শৈশবে হুমায়ূন আহমেদ পরিবারের সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তাঁর আত্মজীবনীমূলক বইগুলোয় ছড়িয়ে থাকা এসব টুকরো ঘটনা জুড়ে দেখলে হুমায়ূন আহমেদকে নতুন করে চেনা যায়।

হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই আমার ছেলেবেলায় বাবাকে নিয়ে এমন অনেক গল্প আছে, যেগুলো পড়তে বেশ মজা লাগে। অদ্ভুতও লাগে। কারণ, তাঁর বাবা ছিলেন একই সঙ্গে খেয়ালি, সাহসী, বইপাগল এবং ভীষণ স্নেহপ্রবণ। হুমায়ূন লিখেছেন, ‘আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন কি না, তা জানি না, তবে বিচিত্র একজন মানুষ, তা বলতে পারি।’ এই বিচিত্র মানুষটিকে বোঝার জন্য নিচের কয়েকটি গল্প পড়া যেতে পারে।

হুমায়ূন আহমেদ বললেন, একুশের বইমেলা হবে, লোকেদের ভিড়, আড্ডা, আমি সেখানে থাকব না!হুমায়ূন আহমেদের বাবা পুলিশ কর্মকর্তা শহীদ শহীদ ফয়জুর রহমান আহমেদ

ঘোড়া কেনার শখ

শীতের এক ভোরে ছোট্ট হুমায়ূনের ঘুম ভাঙল মা-বাবার কথা–কাটাকাটিতে। মা বারবার বলছেন, ‘ঘোড়া দিয়ে তুমি করবে কী? আমাকে বুঝিয়ে বলো, কে পুষবে এই ঘোড়া?’ বাবা তাঁকে আশ্বস্ত করছেন, একটা ব্যবস্থা হয়ে যাবে।

আধো ঘুমে কথাগুলো শুনে হুমায়ূনের মনে হলো, বাবা বুঝি সত্যিই একটা ঘোড়া কিনেছেন! বিছানা থেকে লাফ দিয়ে উঠতেই বাবা হাসিমুখে বললেন, বাইরে গিয়ে দেখে আসতে।

বাইরে গিয়ে দেখা গেল, সুপারিগাছের সঙ্গে বাঁধা বিশাল এক ঘোড়া। ছোট্ট হুমায়ূনের চোখে সেটি প্রায় আকাশের মতো বড়। ঘোড়াটি পা দাপাচ্ছে, ফোঁস ফোঁস করছে। এমন একটি দৃশ্য যে কোনো শিশুর কাছে স্বপ্নের মতো। কিন্তু ঘোড়া কেনার পর সেটিকে পোষার ব্যবস্থা করা সহজ ছিল না। শেষ পর্যন্ত ঘোড়াটি বিক্রি করে দিতে হয়েছিল।

বাবার এই খেয়ালিপনা অবশ্য শুধু ঘোড়া কেনাতেই সীমাবদ্ধ ছিল না। তাঁর শখ ছিল বেহালা শেখার। একবার মাসের শুরুতে বাড়ি ফিরে স্ত্রীকে জানালেন, একটা বেহালা কিনেছেন। দাম মাত্র ৭০ টাকা। সেকেন্ড হ্যান্ড বলে সস্তায় পাওয়া গেছে। কিন্তু সংসার চালানোর জন্য স্ত্রীর হাতে যে টাকা দেওয়ার কথা, তা থেকে বেহালার দাম বাদ দেওয়ার পর হাতে রইল মাত্র ১০ টাকা!

বেহালা বাজানো শেষ পর্যন্ত শেখা হয়নি। বেহালাটি পড়ে রইল। একসময় শিশুরা সেটির বাক্স দিয়ে পুতুলের ঘর বানাতে শুরু করল।

হুমায়ূন আহমেদ

বাবার অসুখ হলে ভালো লাগত

বাবার আরেকটি বড় শখ ছিল বই পড়া। পুলিশের চাকরি করতেন। কিন্তু ডিউটি শেষ হলে সময় কাটাতেন লাইব্রেরিতে। বেতনের টাকা থেকে সংসারের খরচ আলাদা করতেন। গ্রামের বাড়িতে পাঠানোর জন্য টাকা রাখতেন। বই কেনার জন্যও নির্দিষ্ট টাকা বরাদ্দ থাকত।

বাবার বইয়ের প্রতি ভালোবাসা ছেলেমেয়েদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। ছোট্ট হুমায়ূন একসময় বাবার বইয়ের আলমারি থেকে লুকিয়ে লুকিয়ে বই পড়তেন। একদিন ধরা পড়ে গেলেন। বাবা জানতে চাইলেন, এসব পড়ছ? বুঝতে পারছ কিছু?

তারপর ছেলেকে নিয়ে গেলেন সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য পাঠাগারে। সদস্য করে দিলেন। সেখান থেকেই শুরু হলো নিয়মিত বই পড়া। হুমায়ূনের ভাষায়, দিনে দুটি করে বই পড়ার অভ্যাস তৈরি হয়েছিল।

বাবার অসুখ হলে ছেলেমেয়েদের বরং ভালো লাগত। কারণ, বাবা অসুস্থ হলে ঘরে থাকতেন। তখন সন্তানদের গোল করে বসাতেন। শুরু হতো কবিতা পড়া ও আবৃত্তির আসর। একবার হুমায়ূন বাবার প্রিয় কবিতা ‘এবার ফিরাও মোরে’ মুখস্থ করে শোনালেন। বাবা খুশি হয়ে তাঁকে চার আনা পয়সা দিয়েছিলেন। হুমায়ূন মজা করে লিখেছেন, সাহিত্যবিষয়ক কাজ থেকে সেটিই ছিল তাঁর প্রথম রোজগার।

হুমায়ূন আহমেদের দরজার নিচে চিঠি দিয়ে এসেছিলামজনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

ছেলের নাম বদলে দিতেন বাবা

হুমায়ূনের নাম নিয়েও বাবার ছিল নানা পরীক্ষা-নিরীক্ষা। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল শামসুর রহমান। বাবার নাম ফয়জুর রহমানের সঙ্গে মিলিয়ে ছেলের নাম। ৬ বছর বয়স পর্যন্ত এই নামেই চলতে হয়েছে তাঁকে। সপ্তম বছরে বাবা নাম বদলে রাখলেন হুমায়ূন আহমেদ।

কিন্তু নামবদলের গল্প সেখানেই শেষ নয়। দুই বছর পর আবার নাম বদলানোর উদ্যোগ নেওয়া হলো। এবার ছোট্ট হুমায়ূন আপত্তি জানালেন। তাঁর কথা, বারবার নাম বদলানো চলবে না।

মজার ব্যাপার হলো, বাবার মৃত্যুর পর তাঁর পেনশন ও গ্র্যাচুইটির টাকা তুলতে গিয়ে পরিবারের লোকজনকে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। কারণ, কাগজপত্রে সন্তানদের যে নাম লেখা ছিল, পরে তাদের নাম বদলে গেছে। বাবা নাম বদলেছিলেন, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র আর ঠিক করে যাননি।

বাবার বইয়ে ছেলের নাম

ফয়জুর রহমান নিজেও লিখতেন। গল্প লিখতেন, পত্রিকায় প্রবন্ধ লিখতেন। তাঁর লেখা একটি বইয়ের নাম ছিল দীপ নেভা যার ঘরে। বইটি তিনি নিজেই লেটার প্রেসে ছাপিয়েছিলেন। প্রচ্ছদে ছিল এক নারীর অবয়ব। আর প্রচ্ছদশিল্পীর নামের জায়গায় লেখা ছিল হুমায়ূন আহমেদ।

তখন হুমায়ূন পড়তেন বগুড়া জিলা স্কুলে, সম্ভবত অষ্টম বা নবম শ্রেণিতে। তিনি নিজে প্রচ্ছদ আঁকেননি। কিন্তু বাবা বইয়ে তাঁর নামটি প্রচ্ছদশিল্পী হিসেবে ছাপিয়ে দিয়েছিলেন।

বইটি ছিল গল্পের সংকলন। বাবার ছদ্মনাম ছিল ‘সন্ধানী’। পুলিশের ডিটেকটিভ পত্রিকাসহ বিভিন্ন সাময়িকীতে লিখতেন তিনি। বাড়িতে তাঁর লেখা ও ছাপা পত্রিকার বাঁধাই করা কপি থাকত। ছেলেমেয়েদের কাছে বাবার লেখক পরিচয় ছিল গর্বের বিষয়। নতুন কোথাও গেলে হুমায়ূন বন্ধুদের জানিয়ে দিতেন, তাঁর বাবা একজন লেখক।

বাবার বই নিয়ে ছোট ভাইবোনদের খেলাধুলার গল্পও আছে। বইগুলো পাশাপাশি দাঁড় করিয়ে একটিকে টোকা দিলে অন্যগুলোও একে একে পড়ে যেত। মা এসে বকতেন, বই কি খেলার জিনিস? আবার বাড়িতে কেউ বেড়াতে এলে ভাইবোনেরা বাবার বই উপহার দিত।

১৯৭১ সালে পাকিস্তানি সেনারা ফয়জুর রহমানকে হত্যা করার পর তাঁদের বাড়ি লুট হয়। বাবার লেখা অনেক পত্রিকা, কাগজপত্রের সঙ্গে হারিয়ে যায়।

বড় ভাই হুমায়ূন আহমেদ পাঁচ হাজার টাকা দিয়েছিলেন, এটা আমার কাছে পুরস্কার পাওয়ার চেয়েও আনন্দময় — আহসান হাবীবহুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২)। প্রতিকৃতি: মাসুক হেলাল

শেষবার বাবার জুতা পরিষ্কার

হুমায়ূন আহমেদের বাবাকে নিয়ে সবচেয়ে হৃদয়বিদারক স্মৃতিগুলোর একটি আছে তাঁর ‘আমার বাবার জুতা’ লেখায়। সেখানে তিনি ফিরে গেছেন ১৯৭১ সালের ৫ মে-তে।

বাবার ছিল এক জোড়া লাল রঙের চামড়ার জুতা। সাধারণ পোশাকের সঙ্গে যেমন পরতেন, তেমনি পুলিশের ইউনিফর্মের সঙ্গেও পরতেন। জুতা কালি করার দায়িত্ব প্রায়ই পড়ত সন্তানদের ওপর। কাজটি তাদের ভালো লাগত। জুতার কালির গন্ধ, ব্রাশের ঘষা আর শেষে চকচকে হয়ে ওঠা জুতা ছিল আনন্দের অংশ।

জুতা পরিষ্কার হলে বাবা বলতেন, ‘আরে বাপ রে, এক্কেবারে আয়না বানিয়ে ফেলেছে।’

সেদিনও ছোট বোন বাবার জুতা কালি করে দিয়েছিল। বাবা যথারীতি প্রশংসা করেছিলেন। তারপর সেই জুতা পায়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। আর ফেরেননি।

সন্ধ্যায় খবর আসে, বলেশ্বর নদের তীরে পাকিস্তানি সেনারা তাঁকে গুলি করে হত্যা করেছে। কিন্তু মা খবরটি বিশ্বাস করতে চাননি। তাঁর বিশ্বাস ছিল, এমন ভালো মানুষের এমন মৃত্যু হতে পারে না। হয়তো তাঁকে ধরে নিয়ে গেছে। দেশ স্বাধীন হলে ফিরে আসবেন।

পরিবারও সেই আশায় দিন গুনতে থাকে। পরে খবর আসে, নদীতে ভেসে যাওয়া একটি লাশ উদ্ধার করে কবর দেওয়া হয়েছে। লাশটির পরিচয় নিশ্চিত করার জন্য জুতা খুলে রাখা হয়েছিল। হুমায়ূনকে সেই জুতা আনতে পাঠানো হয়। তিনি গিয়ে দেখেন, জুতা জোড়া তাঁর বাবারই।

জুতা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন তিনি। কিন্তু মা তখনো মানতে চাননি। বলেছিলেন, একই রকম জুতা তো অনেকেরই থাকতে পারে। জুতা দেখে মন খারাপ করার কিছু নেই।

দেশ স্বাধীন হওয়ার পর মায়ের সঙ্গে পিরোজপুরে যান হুমায়ূন। কবর খুঁড়ে বাবার দেহাবশেষ তোলা হয়। শরীর নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু মোজা, দাঁত ও চুল দেখে মা নিশ্চিত হন, মানুষটি তাঁর স্বামীই।

এরপর এক সন্ধ্যায় মা কাগজে মোড়ানো জুতা জোড়া বের করেন। অনেক সময় নিয়ে পরিষ্কার করেন। নতুন করে লাল কালি দিয়ে জুতা চকচকে করেন। তারপর নিজের বালিশের পাশে রেখে জুতা জড়িয়ে ধরে শুয়ে পড়েন।

খুদে ভক্তের জন্য কেন কেঁদেছিলেন হুমায়ূন আহমেদ

Read full story at source