কুড়িগ্রামের উন্নয়নে বোর্ড গঠন দরকার

· Prothom Alo

ইইউর সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

Visit bettingx.bond for more information.

অর্ধশতাধিক নদ-নদী ও সাড়ে চার শতাধিক দ্বীপ–চর নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলায় বসবাস করেন ২৩ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ চরাঞ্চলের বাসিন্দা। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে প্রতিবছর গড়ে পাঁচ হাজার পরিবার অভ্যন্তরীণ স্থানান্তরের শিকার হয়। এ জন্য চরাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ এবং পৃথক চরবিষয়ক বোর্ড বা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি জানান। তাঁরা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রস্তাবিত ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল চালু, নদ-নদীর ভাঙন রোধ, চরাঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং জেলায় শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানান।

‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: কুড়িগ্রাম পরিপ্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের দাশেরহাট বাজার এলাকার ইএসডিও মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত এ খুদা বলেন, চিলমারী নদীবন্দর, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সোনাহাট স্থলবন্দর ও ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল চালু করা গেলে কুড়িগ্রামসহ আশপাশের জেলার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে।

কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুর রশিদ বলেন, জেলার যুব জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কুড়িগ্রাম জেলায় আর কোনো অভাব থাকবে না। সরকার এই জেলার যুবকদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।

‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: কুড়িগ্রাম পরিপ্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠক অংশগ্রহণকারীরা৷

‘চরাঞ্চলবিষয়ক বোর্ড বা মন্ত্রণালয় করুন’

কুড়িগ্রাম চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের জেলা সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামে কতটি চর, কতটি নদ-নদী এবং চরাঞ্চলে কত মানুষ বসবাস করেন, তার নির্ভরযোগ্য জরিপ নেই। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৩টি জেলায় চর ও দ্বীপাঞ্চল রয়েছে। এসব এলাকার মানুষের জন্য সরকারের আলাদা বরাদ্দ ও কার্যকর উন্নয়ন পরিকল্পনা নেই। নদীভাঙনে বসতভিটা হারিয়েও তাঁরা ক্ষতিপূরণ পান না। চরাঞ্চলের মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে পৃথক বোর্ড বা মন্ত্রণালয় গঠন জরুরি।

বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী বলেন, নারীদের কর্মমুখী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধে আইনের প্রয়োগ এবং নারী ও কিশোরীদের মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলাদা বরাদ্দ প্রয়োজন। বিশেষ করে চরাঞ্চলের কিশোরীদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র চালু করা দরকার।

কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, কুড়িগ্রামের প্রতিটি ইউনিয়নে উৎপাদিত ফসলের ধরন অনুযায়ী সংরক্ষণাগার ও হিমাগার স্থাপন করা দরকার। পাশাপাশি সমবায়ভিত্তিক দুগ্ধশিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে।

নারী–স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরসনে আলাদা বরাদ্দ দিন

কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি রওশন আরা বেগম বলেন, জেলার নারীদের স্বাস্থ্যসেবার অবস্থা নাজুক। অনেক মেয়ের ১২ থেকে ১৫ বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ বাড়াতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

সংস্কৃতিকর্মী সুব্রতা রায় বলেন, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য শিল্পকলা একাডেমির উন্নয়ন, জেলা টাউন হলের মানোন্নয়ন এবং রাষ্ট্রীয়ভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো প্রয়োজন।

মৌলিক অধিকারের নিশ্চয়তা দরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পায়নি। জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করা দরকার।

একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম কাজী মোরশেদ আলম বলেন, ‘স্থানীয় পর্যায়ে উন্নতির জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ের উদ্যোগ প্রয়োজন।’

বৈঠকে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, কুড়িগ্রাম জেলা সুজনের সভাপতি খায়রুল আনম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সম্পাদক মনোয়ার হোসেন, জেলা বাসদের সদস্য রুকুনুজ্জামান রুকু, প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আজিজুল হক ও সিএসও প্রতিনিধি সাইদা ইয়াসমিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান। শুরুতে সমষ্টি প্রকল্পের গবেষণা পরিচালক রেজাউল হক নাগরিক অধিকারের অগ্রাধিকারভিত্তিক চাহিদা নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ জানান একশনএইড বাংলাদেশের লিড (উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) মরিয়ম নেছা।

Read full story at source