শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা
· Prothom Alo

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা ভিন্ন ভিন্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, তিনি একটি বক্তব্যের সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছেন না।
আজ রোববার জাতীয় সংসদে ৭১ বিধির আলোচনায় রুমিন ফারহানা এই মন্তব্য করেন।
Visit lej.life for more information.
রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।
রুমিন বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে একটির সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাচ্ছেন না। যেমন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান ৩ নভেম্বর বলেছেন, ‘হাসিনা নিজে ফিরুন বা তাঁকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই— সরকার তাঁর আসা ঠেকাতে চায় না।
কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না, এ কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ৯ নভেম্বর আবার বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই। অন্য একটি প্রতিবেদনে তিনি বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন।
রুমিন ফারহানা আরও বলেন, ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সত্যতা আমি এখনো যাচাই করতে পারি নাই।’ আবেদনের আইনগত ভিত্তি যাচাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, এখন বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনার আপিলের কোনো সুযোগ নেই।
রুমিন ফারহানার বক্তব্যের জন্য সময় ছিল দুই মিনিট। নির্ধারিত সময় শেষে তাঁর মাইক বন্ধ হয়ে যায়, ফলে তিনি বক্তব্য শেষ করতে পারেনি।