চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
· Prothom Alo

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে (৩৮) পরীক্ষা–নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।
Visit milkshakeslot.online for more information.
গতকাল সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে ওই নারী অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার তিনি থানায় মামলা করেন।
আজ বিকেল চারটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মাহমুদুল হাসানকে আটক করে পুলিশ। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করানোর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান ওই নারী। গতকাল দুপুর ১২টার পর সেখানে গেলে তাঁকে জানানো হয় যে তখন পরীক্ষা করা সম্ভব হবে না। এ সময় প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী পরে মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন। নমুনা নিয়ে প্যাথলজি বিভাগের একটি কক্ষে গেলে দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর ওই নারীকে ধর্ষণ করেন।
বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান ওই নারী। পরে আজ দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।