কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয়

· Prothom Alo

যশোর জেলায় প্রয়োজনমতো সার না পেয়ে কৃষক ও মৎস্যচাষিদের বিপাকে পড়ার খবর সম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে। আগামী জুন পর্যন্ত জেলায় টিএসপির চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি রয়েছে প্রায় ৪৫ শতাংশ। মাঠপর্যায়ে স্বল্পতার স্পষ্ট চিত্র থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘সারের কোনো সংকট নেই’ বলে যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই অস্বীকার চলমান সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতারও লক্ষণ। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত ৯ মাসে জেলায় টিএসপি সারের চাহিদা ছিল ১৯ হাজার ১১২ মেট্রিক টন। কিন্তু ঘাটতি ৮ হাজার ৬১২ মেট্রিক টন, যা মোট চাহিদার ৪৫ দশমিক ০৭ শতাংশ ঘাটতি। জেলা কৃষি কর্মকর্তাও স্বীকার করেছেন, ইউরিয়া ও ডিএপির বরাদ্দের তুলনায় টিএসপির বরাদ্দের ঘাটতি বেশি।

ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে টিএসপির ঘাটতি ডিএপি দিয়ে মেটানোর পরামর্শ দেওয়া হলেও বাস্তবিক অভিজ্ঞতার কারণে কৃষকেরা তা মানতে আগ্রহী নন। কৃষকেরা দ্রুত ভালো ফলন চান বলে টিএসপিতে তাঁদের আগ্রহ। অন্যদিকে মৎস্য খামারে ডিএপি ব্যবহার করলে পানিতে অক্সিজেনের ঘাটতি হয়, এতে মাছ পানির ওপরে ভেসে উঠে মারা যায় বলে মৎস্যচাষিরা জানিয়েছেন।

Visit umafrika.club for more information.

সারের সংকটে পুকুরের পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত তৈরি না হওয়াতে উৎপাদন খরচ বেড়ে গেলেও তুলনামূলকভাবে মাছের দাম বাড়েনি। এর প্রভাব গিয়ে পড়ছে সবজি ও মাছের চাষের উৎপাদনে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো জেলার এক লাখ হেক্টরের বেশি জলাভূমিতে মাছ চাষ হলেও মৎস্য খাতের জন্য আলাদা কোনো সার বরাদ্দ নেই। মৎস্য বিভাগ বিকল্প হিসেবে ‘প্রিবায়োটিক স্যুপ’ তৈরির পরামর্শ দিলেও তাৎক্ষণিকভাবে বৃহৎ পরিসরে এটি কতটা কার্যকর ও সহজলভ্য হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

সরকারের গুদামে সার থাকা সত্ত্বেও বিতরণে সমস্যা হচ্ছে বলে বিভিন্ন সময় প্রতিবেদনে উঠে এসেছে। দেশে সারের পর্যাপ্ত মজুত আছে মর্মে সরকার থেকেও জানানো হয়েছিল। (২৫ আগস্ট ২০২৬)। এমতাবস্থায় যশোরে সারের সংকট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অস্বীকারের প্রবণতা মূলত সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি।

আমরা মনে করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা স্বীকার করে নিয়ে জরুরি ভিত্তিতে যশোরে টিএসপি সারের বরাদ্দ বাড়াতে হবে। ইতিমধ্যে বরাদ্দের জন্য যে অনুরোধ পাঠানো হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। কেবল বরাদ্দ বৃদ্ধি করলেই হবে না, বরং কঠোর তদারকির ব্যবস্থাও করতে হবে। কৃষি ও মাছ উৎপাদন কোনোভাবেই ব্যাহত করা যাবে না।

Read full story at source