মেহেরপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

· Prothom Alo

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা সফল হয়নি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর আজ শুক্রবার সকালে ওই চারজনকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

রংমহল বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফটক খুলে চারজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই চারজনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেয়। পরে তাঁরা শূন্যরেখায় অবস্থান করেন।

Visit sportfeeds.autos for more information.

নায়েক সুবেদার মিজানুর রহমান, কমান্ডার, রংমহল বিজিবি ক্যাম্পবৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিএসএফের সদস্যরা কাঁটাতারের ফটক খুলে চারজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেন। বিজিবির সদস্যদের বাধায় ওই চারজন দীর্ঘ সময় শূন্যরেখায় অপেক্ষা করেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ ফটক খুলে তাঁদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে সীমান্তের ওপারে ট্রাক চলাচলের শব্দ শুনে বিজিবির সদস্যরা সতর্ক হন। রাত দুইটার দিকে বিএসএফের সদস্যরা কাঁটাতারের ফটক খুলে চারজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেন। বিজিবির সদস্যদের বাধায় ওই চারজন দীর্ঘ সময় শূন্যরেখায় অপেক্ষা করেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ ফটক খুলে তাঁদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

স্থানীয় কৃষক জিয়ারুল মিয়া বলেন, ‘কপির খেতে কাজ করতে গিয়ে দেখি, চারজন ব্যাগ নিয়ে খেতের এক পাশে বসে আছেন। বিজিবির সদস্যরা মাইকে তাঁদের বারবার ফেরত যাওয়ার ঘোষণা দিচ্ছিলেন। একপর্যায়ে বিএসএফ কাঁটাতারের ফটক খুলে তাঁদের আবার ভারতে নিয়ে যায়।’

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল প্রথম আলোকে বলেন, গভীর রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবির টহল দলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় এ ধরনের চেষ্টা প্রতিহত করা হবে।

Read full story at source