যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী

· Prothom Alo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না।’ আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বড় কালিয়া এলাকায় এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Visit palladian.co.za for more information.

এর আগে আজ বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছান রুহুল কবির। প্রথমে তিনি পৌরসভার চাঁদপুর কবরস্থানে গিয়ে হামলায় নিহত কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন। এরপর বড় কালিয়ায় নিহত উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গত বুধবার বিকেলে বিএনপির নেতা–কর্মীদের শোভাযাত্রায় হামলা করা হয়। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, শোভাযাত্রাটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে শাহিনুর ইসলাম ও সোহেল রানা খুলনায় নেওয়ার পথে মারা যান।

বুধবারের ওই ঘটনার নিন্দা জানিয়ে রুহুল কবির বলেন, ‘যেন এই দেশে আর কারও মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হয়, কোনো বোন যেন ভাইহারা না হয়—এ লক্ষ্য রেখে কাজ করছেন তারেক রহমান। কিন্তু যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে।’

হামলায় নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্যরা

জুলাই-আগস্টের বিপ্লবের কথা স্মরণ করিয়ে রুহুল কবির বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী দেশ থেকে অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। তাঁর (শেখ হাসিনা) নির্মম শিকার হয়েছেন সোহেল রানা ও শাহিনুর ইসলাম।

বিএনপির নেতা-কর্মীদের আশ্বস্ত করে রুহুল কবির বলেন, ‘আপনাদের বলে রাখি, অনেক চেষ্টা করার পরও এ দেশের স্বাধীনতা যেমন কেউ কেড়ে নিতে পারবে না, সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এদের বিচার হবেই। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’

‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’

এ সময় রুহুল কবিরের সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনুর ও সোহেল রানার মরদেহ কালিয়ায় আনা হয়। মাগরিবের নামাজের পর উপজেলা মডেল মসজিদে দুজনের জানাজা শেষে দাফন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় আজ সকাল পর্যন্ত মামলা হয়নি। তবে দুজনকে আটক করেছে পুলিশ।

Read full story at source