আওয়ামী লীগ নিয়ে চরমোনাই পীরের বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন

· Prothom Alo

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানাননি বলে দাবি করেছে তাঁর দল।

Visit amunra.qpon for more information.

চরমোনাই পীরের সাম্প্রতিক একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দলটি বলেছে, তাঁর বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আজ শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীর আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের যে ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান জানিয়েছেন। একই সঙ্গে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীরের বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। তাঁর বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে এ ধরনের উপস্থাপনার মিল নেই।

ইসলামী আন্দোলনের দাবি, চরমোনাই পীর মূলত বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকটের সমাধান করতে হবে।

চরমোনাই পীরের বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাঁর বক্তব্যের উদ্দেশ্য দেশের চলমান অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। এ বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)

কী বলেছিলেন চরমোনাই পীর

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চরমোনাই পীর। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এ দেশের সন্তান। আজকে আমরা যেটা লক্ষ করেছি যে আপনারা যে ধরনের আচরণ আওয়ামী লীগের নামে করছেন—ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা, থানাকে পুড়িয়ে দেওয়া—এ কোন রাজনীতি?’

ঠিক তার পরেই চরমোনাই পীর বলেন, ‘আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। কিন্তু আজকে আপনাদের আচরণের মাধ্যমে এটা তো মানুষের কল্যাণের রাজনীতি বোঝা যাচ্ছে না। এটা তো সম্পূর্ণ দেশকে ধ্বংস করার একটা প্রক্রিয়ার নামান্তর হিসেবে আমি মনে করি। আপনারা কী চান?’

এরপর চরমোনাই পীর রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, ‘আসেন। আপনারা বসেন। আসেন আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগ যত রাজনৈতিক দল রয়েছে, আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশের মায়া ইমানের একটি অংশ।’

দেশের ভালো-মন্দের সঙ্গে সবাই জড়িত উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আমরা সবাই একত্র হয়ে দেশের কল্যাণে কাজ করব। কিন্তু ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার স্বার্থ, লোভ—এগুলো সব আমরা পরিহার করব।’

Read full story at source