সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম
· Prothom Alo

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম বলেছেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।
Visit asg-reflektory.pl for more information.
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন মাহফুজ আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে এ বিষয়ে কথা বললেন জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্য।
সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন (গৃহযুদ্ধের পরিস্থিতি) এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি লেখেন, ‘হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’
মাহফুজ লিখেছেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র। চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ও জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।