কেন আমরা বরফ গলার অপেক্ষায় থাকি

· Prothom Alo

আয়ারল্যান্ডের অমর একুশে বইমেলা, সাংগঠনিক সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের আত্মসমালোচনার কিছু নির্মোহ প্রশ্ন

Visit casino-promo.biz for more information.

প্রবাসের মাটিতে নিজের ভাষা, সংস্কৃতি ও শিকড়কে বাঁচিয়ে রাখা সহজ কোনো কাজ নয়। প্রতিদিনের জীবনসংগ্রাম, কাজের ব্যস্ততা, পরিবার এবং নানা বাস্তবতার মধ্যেও কিছু মানুষ ভালোবেসে বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য সময় দেন, শ্রম দেন, স্বপ্ন দেখেন। তাঁদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ, প্রবাসে একটি সাংস্কৃতিক আয়োজন শুধু একটি দিনের অনুষ্ঠান নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে নিজের পরিচয় ধরে রাখার চেষ্টা, পরবর্তী প্রজন্মের কাছে শিকড়ের গল্প পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা।

আয়ারল্যান্ডের অমর একুশে বইমেলাও তেমনই একটি স্বপ্নের নাম। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রবাসী সমাজসেবক সৈয়দ মোস্তফিজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও স্বপ্ন থেকে যে আয়োজনের সূচনা হয়েছিল, সময়ের পথ পেরিয়ে ২০২৬ সালে এসে সেটি পঞ্চম আসরে পা রাখতে যাচ্ছে। একটি মানুষের ব্যক্তিগত ভালোবাসা ও উদ্যোগ কীভাবে ধীরে ধীরে একটি কমিউনিটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠতে পারে, এই বইমেলা তার একটি সুন্দর উদাহরণ।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

প্রথম বইমেলার সেই নান্দনিক পরিবেশ আজও অনেক প্রবাসীর স্মৃতিতে রয়ে গেছে। যত দূর মনে পড়ে, দীর্ঘদিন ধরে আয়োজক কমিটির প্রস্তুতি ও প্রচারণা পুরো কমিউনিটির মধ্যে এক ধরনের আনন্দ ও উৎসাহ তৈরি করেছিল। অনুষ্ঠানে আসা দর্শক, অতিথি, লেখক এবং পুরো আয়োজনের মধ্যে একটা প্রাণের স্পর্শ ছিল। মনে হয়েছিল প্রবাসের ব্যস্ত জীবনের বাইরে আমরা যেন একটুকরা বাংলাদেশকে খুঁজে পেয়েছি।

কিন্তু পরবর্তী বইমেলার আয়োজনগুলোতে সেই প্রথম দিনের প্রাণচাঞ্চল্য আর আগের মতো চোখে পড়েনি। আয়োজকদের কিছু দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সাংগঠনিক টানাপোড়েনের কারণে আয়োজনের স্বাভাবিক সর্বজনীনতা কিছুটা প্রশ্নের মুখে পড়েছিল। ফলে সাধারণ মানুষের আগ্রহেও ভাটা পড়েছে বলে মনে হয়েছে। তারপরও নানা প্রতিকূলতার মধ্যে বইমেলাটি যে এত দূর এগিয়ে এসেছে, সেটিও ছোট করে দেখার সুযোগ নেই। বরং যাঁরা এই আয়োজন ধরে রেখেছেন, তাঁদের প্রচেষ্টাকে স্বীকার করেই আমাদের পরবর্তী প্রশ্নগুলো তুলতে হবে।

কারণ, এবারের পঞ্চম বইমেলাকে ঘিরে যে ঘটনাপ্রবাহ তৈরি হয়েছে, তা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কিংবা সফলতার প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর মধ্য দিয়ে আমাদের প্রবাসী সমাজের সাংগঠনিক মানসিকতা, পারস্পরিক সম্পর্ক, অভিমান, দূরত্ব এবং সামাজিক আচরণের কিছু পুরোনো দুর্বলতা আবারও সামনে এসেছে। আমার কাছে বিষয়টি তাই শুধু একটি বইমেলার নয়; এটি আমাদের নিজেদের দিকে ফিরে তাকানোরও একটি উপলক্ষ।

এবারের বইমেলাটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক কমিটির প্রস্তুতিও সেভাবেই চলছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আয়োজক কমিটির একজন সদস্যের স্ত্রীর অকালমৃত্যুর কারণে একটি শোকাবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতিকে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ২২ নভেম্বর পঞ্চম অমর একুশে বইমেলা, আয়ারল্যান্ড ২০২৬-এর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

নতুন তারিখ: ২২ নভেম্বর ২০২৬

স্থান: Stokes Building, DCU, Dublin।

এই অনাকাঙ্ক্ষিত বিরতি ও তারিখ পরিবর্তনের মধ্যবর্তী সময়ে বইমেলার মূল উদ্যোক্তা সৈয়দ মোস্তফিজুর রহমানের সঙ্গে আয়ারল্যান্ডের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (ABAI) সংশ্লিষ্ট ব্যক্তিদের নতুন করে যোগাযোগ ও আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় ABAI-এর পক্ষ থেকে শেষ সময়ে এসে এবারের বইমেলাকে সফল ও সার্থক করতে সার্বিক সহযোগিতার ঘোষণাও এসেছে।

দৃশ্যত এটি অবশ্যই একটি ইতিবাচক খবর। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই। একটি বড় সামাজিক সংগঠন যখন একটি সাংস্কৃতিক আয়োজনের পাশে দাঁড়ায়, তখন আয়োজনটি আরও সুন্দর ও প্রাণবন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এই ইতিবাচক ঘটনার মধ্যেও একজন সাধারণ প্রবাসী হিসেবে আমার মনে কয়েকটি প্রশ্ন জাগে। প্রশ্নগুলো কাউকে ছোট করার জন্য নয়, বরং আমাদের নিজেদের সাংগঠনিক সংস্কৃতি নিয়ে একটু ভাবার জন্য।

একবার ভাবুন, ১৭ অক্টোবর ২০২৬ তারিখে যদি সেই অনাকাঙ্ক্ষিত শোকাবহ ঘটনাটি না ঘটত এবং পূর্বনির্ধারিত ১৮ অক্টোবর তারিখ অনুযায়ী বইমেলাটি অনুষ্ঠিত হয়ে যেত, তাহলে কি ABAI-এর পক্ষ থেকে নতুন করে সম্পৃক্ত হওয়ার এই উদ্যোগটি সামনে আসত? সম্ভবত আসত না। কারণ, তখন আয়োজক কমিটি তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানটি সম্পন্ন করে ফেলত। অর্থাৎ তারিখ পেছানোর ফলে যে বাড়তি সময়টুকু পাওয়া গেল, সেই সুযোগেই হয়তো দুই পক্ষের মধ্যে বসা, কথা বলা এবং সহযোগিতার একটি নতুন পথ তৈরি হয়েছে।

এখানেই আমার মূল প্রশ্ন। বইমেলার উদ্যোক্তা সৈয়দ মোস্তফিজুর রহমানের সঙ্গে ABAI-এর সংশ্লিষ্ট ব্যক্তিদের যে কারণে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব কমানোর উদ্যোগ কি আরও আগে নেওয়া যেত না? মতপার্থক্য বা ভুল–বোঝাবুঝি তৈরি হওয়ার পরপরই কেন আমরা আলোচনায় বসতে পারি না? কেন আমাদের সব সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুর্ঘটনা কিংবা সময়ের ফেরে তৈরি হওয়া একটি বিশেষ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হয়?

মানুষের সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য বোধ হয় এখানেই যে ভুল–বোঝাবুঝি হলেও কথা বলার দরজাটি বন্ধ হয়ে যায় না। মতের অমিল থাকবে, অভিমান থাকবে, কখনো কখনো মন খারাপও হবে। কিন্তু তাই বলে সম্পর্কের জায়গাটুকু কেন হারিয়ে যাবে? একটি ফোনকল, একটি আন্তরিক আমন্ত্রণ কিংবা মুখোমুখি বসে কিছু কথা বলা—অনেক সময় এতটুকুই যথেষ্ট হতে পারে। অথচ আমরা অনেক সময় সেই সহজ কাজটিই করতে চাই না। অপেক্ষা করি সময়ের, পরিস্থিতির, কখনোবা অন্য কারও উদ্যোগের।

ইতিহাসে সাময়িকভাবে বরফ গলে যাওয়ার একটি বিখ্যাত ঘটনা রয়েছে। সেটি ১৯১৪ সালের প্রথম বিশ্বযুদ্ধের ‘ক্রিসমাস ট্রুস’। প্রচণ্ড শীতের মধ্যে যুদ্ধের ময়দানে মুখোমুখি অবস্থানে থাকা ব্রিটিশ ও জার্মান সৈন্যরা বড়দিনের প্রাক্কালে হঠাৎ অস্ত্র নামিয়ে রেখেছিলেন। এত দিন যাঁরা একে অপরকে শত্রু হিসেবে দেখেছেন, তাঁরা সেদিন কিছু সময়ের জন্য যুদ্ধ ভুলে গান গেয়েছিলেন, শুভেচ্ছা বিনিময় করেছিলেন, এমনকি বরফে ঢাকা মাঠে ফুটবলও খেলেছিলেন। একমুহূর্তের জন্য যুদ্ধের বিভীষিকার জায়গায় মানুষের সহজ সম্পর্ক ফিরে এসেছিল। কিন্তু সেই বরফ গলা ছিল সাময়িক। যুদ্ধের মূল কারণগুলো অমীমাংসিত থেকে যাওয়ায় পরবর্তী সময়ে আবারও অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল তাঁদের। ইতিহাসের এই ঘটনাটি মনে পড়লে আমাদের নিজেদের সামাজিক জীবন নিয়েও ভাবতে ইচ্ছে করে। আমাদের মধ্যেও কি অনেক সময় এমন ঘটে না? কোনো শোক, বিপদ কিংবা আকস্মিক পরিস্থিতিতে আমরা এক টেবিলে বসি, পুরোনো অভিমান ভুলে কথা বলি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আবারও পুরোনো দূরত্ব ফিরে আসে।

প্রশ্ন হলো, আমরা কি শুধু বরফ গলার অপেক্ষায় থাকব, নাকি বরফ জমতে শুরু করার আগেই তার কারণগুলো দূর করার চেষ্টা করব?

সমাজ ও সংগঠনে মতপার্থক্য থাকা খুবই স্বাভাবিক। একটি আয়োজন কীভাবে হবে, কারা দায়িত্বে থাকবেন, কোন সিদ্ধান্তটি ভালো হবে—এসব বিষয়ে সবার মত এক হবে, এমন কোনো কথা নেই। কিন্তু ভিন্নমত মানেই সম্পর্কের দেয়াল তুলে দেওয়া নয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মধ্যে অনেক সময় ব্যক্তিগত ইগো, অভিমান কিংবা নেতৃত্বের প্রশ্ন কমিউনিটির বৃহত্তর স্বার্থের চেয়ে বড় হয়ে ওঠে। সামান্য একটি দূরত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। একসময় দেখা যায় যে মানুষগুলো একই ভাষা, একই সংস্কৃতি ও একই কমিউনিটির জন্য কাজ করতেন, তাঁরা পরস্পরের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন। প্রবাসে আমাদের এমনিতেই অনেক সীমাবদ্ধতা রয়েছে। সময়ের অভাব, কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব—সবকিছু সামলে সামাজিক ও সাংস্কৃতিক কাজ করা সহজ নয়। সেখানে নিজেদের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হলে ক্ষতিটা শেষ পর্যন্ত পুরো কমিউনিটিরই হয়।

এর সঙ্গে প্রবাসের আরেকটি সংবেদনশীল বাস্তবতা জড়িয়ে আছে। সেটি হলো বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং দলীয় মেরুকরণের প্রভাব প্রবাসের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে টেনে আনা। আমরা প্রায়ই দেখি, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে তার ঢেউ প্রবাসেও এসে লাগে। রাজনৈতিক মতাদর্শ একজন মানুষের ব্যক্তিগত অধিকার। যে কেউ যেকোনো রাজনৈতিক দল বা মতের প্রতি সমর্থন রাখতে পারেন। কিন্তু সেই রাজনৈতিক পরিচয় যখন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে, তখন বিষয়টি আর ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থাকে না।

দুঃখজনকভাবে বিভিন্ন সময়ে কিছু ব্যক্তির মধ্যে এমন প্রবণতা দেখা যায়, যাঁরা নিখাদ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত করতে চান। কখনো তাঁদের ভূমিকা বিতর্কের জন্ম দেয়, কখনো সাধারণ মানুষের অংশগ্রহণের আগ্রহ কমিয়ে দেয়। অথচ একুশে বইমেলা, সাহিত্য আড্ডা কিংবা পয়লা বৈশাখ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এগুলো আমাদের সবার সাংস্কৃতিক উত্তরাধিকার।

যাঁরা কোনো পদ-পদবি কিংবা সাংগঠনিক রাজনীতির সঙ্গে যুক্ত নন, যাঁরা শুধু পরিবার ও সন্তানদের নিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির টানে কিছুটা সময় আনন্দের সঙ্গে কাটাতে চান, তাঁদের কথাও আমাদের ভাবতে হবে। তাঁরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তাঁরা চান একটি নির্মল, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যেখানে তাঁদের সন্তানেরা নিজেদের শিকড় সম্পর্কে জানতে পারবে, বাংলা বইয়ের সঙ্গে পরিচিত হবে, নিজের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমাদের সাংস্কৃতিক আয়োজনগুলো যদি তাঁদের সেই প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে ধীরে ধীরে তাঁরা দূরে সরে যাবেন। আর সেই দূরত্ব শুধু একটি বইমেলার জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের সাংস্কৃতিক পরিচয়ের জন্যও ক্ষতিকর হতে পারে।

এখানে ‘সর্বজনীনতা’ এবং ‘স্বকীয়তা’—এই দুটি বিষয়ও আমাদের ভালোভাবে বোঝা প্রয়োজন। অনেক সময় মনে করা হয়, কোনো একটি বড় সামাজিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠান আয়োজন করলেই সেটি সর্বজনীন হয়ে ওঠে। বাস্তবে বিষয়টি এত সরল নয়। কোনো আয়োজন একটি ব্যক্তিগত উদ্যোগ থেকে জন্ম নিতে পারে, কারও দীর্ঘদিনের স্বপ্ন ও ভালোবাসা থেকে গড়ে উঠতে পারে। তাই বলে সেটি ছোট হয়ে যায় না কিংবা তার সর্বজনীনতা কমে যায় না। একটি আয়োজন কতটা সর্বজনীন, তা নির্ভর করে সেখানে মানুষের জন্য অংশগ্রহণের দরজা কতটা খোলা রাখা হয়েছে, আয়োজকেরা সবাইকে কতটা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছেন এবং অনুষ্ঠানটি কতটা উন্মুক্তভাবে সবার সামনে তুলে ধরা হচ্ছে—তার ওপর। কোনো বড় সংগঠনের ব্যানার থাকলেই সর্বজনীনতা নিশ্চিত হয় না; আবার ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে বলেই কোনো আয়োজনকে সীমিত পরিসরের ভাবারও কারণ নেই।

ABAI আয়ারল্যান্ডের একটি বৃহৎ সামাজিক সংগঠন হিসেবে এবারের বইমেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এটি অবশ্যই ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন—সহযোগিতা আর সাংগঠনিক নিয়ন্ত্রণ এক বিষয় নয়। কোনো ব্যক্তিগত উদ্যোগের পাশে দাঁড়ানো আর সেই উদ্যোগের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আজ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে যদি ভবিষ্যতে এই আয়োজনের নেতৃত্ব, পরিকল্পনা কিংবা সিদ্ধান্ত গ্রহণের ওপর সাংগঠনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে সেটি স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্নের জন্ম দেবে। কারণ, যে উদ্যোগটি একজন মানুষের ব্যক্তিগত স্বপ্ন, শ্রম ও ভালোবাসা থেকে গড়ে উঠেছে, তার নিজস্ব পরিচয় ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখার অধিকারও সেই উদ্যোক্তার রয়েছে। তাই বড় সংগঠনগুলোর ভূমিকা হওয়া উচিত সহযোগী ও অভিভাবকসুলভ—কর্তৃত্ব প্রতিষ্ঠার নয়। এমনভাবে পাশে দাঁড়ানো, যাতে মূল উদ্যোক্তার স্বাধীনতা ও স্বকীয়তা অক্ষুণ্ণ থাকে, আবার সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি আরও বড় ও সুন্দর হয়ে ওঠে। আমার বিশ্বাস, একটি কমিউনিটি তখনই পরিণত হয়ে ওঠে, যখন সেখানে ব্যক্তিগত উদ্যোগকে সম্মান করা হয় এবং বড় সংগঠনগুলো নিজেদের অবস্থানকে কর্তৃত্বের জায়গা হিসেবে নয়, সহযোগিতার জায়গা হিসেবে দেখতে শেখে।

বইমেলা শুধু একটি দিনের আয়োজন নয়, এটি হতে পারে দুই সংস্কৃতির মধ্যে একটি সেতু।

পঞ্চম আসরে পা রাখা এই বইমেলাকে কেন্দ্র করে এখন আমাদের আরও বড় করে ভাবার সময় এসেছে। বইমেলা মানেই শুধু কয়েকটি বইয়ের স্টল, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা গানবাজনার আয়োজন নয়। এর একটি শিক্ষামূলক, সাহিত্যিক ও আন্তর্জাতিক মাত্রাও থাকতে পারে। বিশেষ করে UNESCO স্বীকৃত ‘সাহিত্যের শহর’ (UNESCO City of Literature) ডাবলিনের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য ও আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনের সঙ্গে আমাদের এই বইমেলার একটি সেতুবন্ধ তৈরি করা গেলে তা নতুন মাত্রা পেতে পারে। এই বিষয়ে কয়েকটি প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।

১. আয়ারল্যান্ডের মূলধারার বই উৎসবের সঙ্গে সেতুবন্ধ

প্রতিবছর নভেম্বর মাসে আয়ারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বই উৎসব ‘ডাবলিন বুক ফেস্টিভ্যাল’ (Dublin Book Festival) অনুষ্ঠিত হয়। মজার বিষয় হলো আমাদের একুশে বইমেলাও নভেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ের মিলকে কাজে লাগিয়ে ভবিষ্যতে Dublin Book Festival কিংবা International Literature Festival Dublin-এর আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সেখানে বাংলা সাহিত্যের একটি স্টল রাখা, বাংলাদেশের বই ও লেখকদের পরিচিত করানো অথবা যৌথভাবে একটি ‘Multicultural Literary Session’ আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে আমাদের বইমেলা শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং ডাবলিনের বৃহত্তর সাহিত্যিক পরিসরেও বাংলা ভাষা ও সাহিত্যের পরিচিতি বাড়বে।

২. আইরিশ লেখক ও শিক্ষাবিদদের সম্পৃক্ত করা

বইমেলাকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে স্থানীয় আইরিশ কবি, লেখক, বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের অধ্যাপক, গবেষক এবং লাইব্রেরিয়ানদের অতিথি বা আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো যেতে পারে। বাংলা সাহিত্য, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হতে পারে। এতে দুই দেশের সাহিত্য ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক জানাশোনা ও বিনিময়ের একটি সুন্দর পরিবেশ তৈরি হবে।

৩. দ্বিভাষিক সাহিত্য ও অনুবাদচর্চা

আমাদের সাহিত্যের অনেক মূল্যবান সম্পদ রয়েছে, যা বাংলা ভাষার বাইরে খুব বেশি পরিচিত নয়। বাংলাদেশের কালজয়ী কবিতা, ছোটগল্প, উপন্যাস এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ইংরেজি কিংবা আইরিশ (Gaeilge) ভাষায় অনুবাদ করে বইমেলায় প্রদর্শনের ব্যবস্থা করা যেতে পারে। এতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পাশাপাশি আইরিশ পাঠকেরাও বাংলাদেশের সাহিত্য ও ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। একইভাবে ডব্লিউ. বি. ইয়েটস (W. B. Yeats) কিংবা জেমস জয়েসের (James Joyce) মতো বিশ্বখ্যাত আইরিশ লেখকদের নির্বাচিত সাহিত্যকর্মের বাংলা অনুবাদ নিয়েও আলোচনা হতে পারে। সাহিত্য তো কেবল একটি ভাষার সম্পদ নয়; অনুবাদের মধ্য দিয়েই এক ভাষার মানুষের অনুভূতি অন্য ভাষার মানুষের কাছে পৌঁছে যায়।

৪. শিশু-কিশোর ও ভিন্ন ভাষাভাষী সহপাঠীদের অংশগ্রহণ

প্রবাসে আমাদের সন্তানদের বড় হওয়ার পরিবেশ বাংলাদেশ থেকে আলাদা। তাদের অনেকের কাছে বাংলা ভাষা পরিবারের ভাষা হলেও দৈনন্দিন জীবনের প্রধান ভাষা ইংরেজি। তাই তাদের মধ্যে বাংলা পড়া, লেখা ও সাহিত্যচর্চার আগ্রহ তৈরি করতে বইমেলায় শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন রাখা জরুরি।

বাংলা গল্প বলা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বইপাঠ কিংবা ছোটদের সাহিত্য প্রতিযোগিতার পাশাপাশি তাদের আইরিশ সহপাঠী ও শিক্ষকদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে। দ্বিভাষিক গল্প বলা কিংবা আবৃত্তির আয়োজন থাকলে ভিন্ন সংস্কৃতির শিশুরাও আনন্দের সঙ্গে অংশ নিতে পারবে। এতে আমাদের সন্তানেরা নিজেদের শিকড়কে চিনবে, পাশাপাশি অন্য সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল হতে শিখবে।

৫. স্থায়ী পাঠাগার ও স্থানীয় লাইব্রেরিতে বাংলা কর্নার

একটি বইমেলা বছরে একবার অনুষ্ঠিত হয়। কিন্তু বই পড়ার অভ্যাস তো সারা বছর ধরে চলার বিষয়। তাই আয়ারল্যান্ডে একটি স্থায়ী বাংলা পাঠাগার ও অনলাইন ই-বুক সংগ্রহশালা গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি Dublin City Council এবং স্থানীয় পাবলিক লাইব্রেরিগুলোর সঙ্গে যোগাযোগ করে সেখানে বাংলা বইয়ের একটি বিশেষ কর্নার চালুর চেষ্টা করা যেতে পারে। আমাদের ভাষা ও সাহিত্যের বই যদি স্থানীয় লাইব্রেরিতে জায়গা পায়, তাহলে শুধু বাংলাদেশিরাই নন, অন্যান্য ভাষাভাষী পাঠকেরাও বাংলা সাহিত্য সম্পর্কে জানার সুযোগ পাবেন।

বিভেদের বদলে সহযোগিতার একটি স্থায়ী সংস্কৃতি গড়ে তুলি

এবারের অভিজ্ঞতা থেকে আমাদের আরেকটি বিষয় ভাবা প্রয়োজন। ভবিষ্যতে যেন কোনো দূরত্ব, ভুল–বোঝাবুঝি কিংবা সাংগঠনিক বিরোধ তৈরি হলে তা সমাধানের জন্য কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতির অপেক্ষা করতে না হয়, সে জন্য একটি স্থায়ী উদ্যোগ নেওয়া যেতে পারে। বছরে অন্তত একবার আয়ারল্যান্ডের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যক্তিগত উদ্যোক্তা এবং কমিউনিটির জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে একটি উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা যেতে পারে। সেখানে কে কোন অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন, কার ব্যানারে অনুষ্ঠান হবে কিংবা কে কত বড় সংগঠনের প্রতিনিধি—এসব বিষয় মুখ্য না হয়ে বরং পুরো বছরের সাংস্কৃতিক কর্মসূচি এবং একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে।

একটি সম্মিলিত সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা গেলে একই সময়ে একাধিক বড় আয়োজনের সংঘাতও এড়ানো সম্ভব হবে। ছোট-বড় সব সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগগুলো পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে। এতে প্রতিযোগিতা থাকলেও তা হবে মানের, আয়োজনের সৌন্দর্যের এবং সৃজনশীলতার। ব্যক্তিগত বিরোধ কিংবা নেতৃত্বের প্রতিযোগিতার নয়। আমরা যদি সত্যিই একটি সুন্দর প্রবাসী সমাজ গড়ে তুলতে চাই, তাহলে একে অপরকে জায়গা দিতে শিখতে হবে। কারও উদ্যোগকে নিজের উদ্যোগের প্রতিদ্বন্দ্বী না ভেবে কমিউনিটির সম্পদ হিসেবে দেখতে হবে। কারণ, শেষ পর্যন্ত কোনো একটি সংগঠন কিংবা ব্যক্তি নয়, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই একটি সমাজকে এগিয়ে নেয়।

শেষ কথা: আমাদের অপেক্ষা যেন শুধু বরফ গলার জন্য না হয়

এই লেখার উদ্দেশ্য কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো নয়। কারও অবদানকে অস্বীকার করা কিংবা কোনো সংগঠনের ভূমিকা খাটো করাও আমার উদ্দেশ্য নয়। বরং একজন সাধারণ প্রবাসী বাংলাদেশি হিসেবে নিজের দেখা, শোনা ও উপলব্ধি থেকে কিছু প্রশ্ন সামনে আনতে চাই। আমাদের মধ্যে আত্মসমালোচনার জায়গাটি যত বড় হবে, নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগও তত বাড়বে।

আমরা চাই আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশি সমাজে এমন একটি সাংগঠনিক ও সামাজিক সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে কোনো সংকট, শোক কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অপেক্ষা না করেই আলোচনার টেবিল সবার জন্য খোলা থাকবে। যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য সম্পর্ক নষ্ট করবে না। যেখানে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবে, ব্যক্তিগত উদ্যোগের স্বকীয়তা যথাযথ সম্মান পাবে এবং বড় সংগঠনগুলো ছোট উদ্যোগের পাশে দাঁড়াবে।

আমাদের মনে রাখতে হবে, প্রবাসে আমরা শুধু নিজেদের জন্য বাঁচি না। আমাদের প্রতিটি সামাজিক আচরণ, প্রতিটি সাংস্কৃতিক আয়োজন এবং পরস্পরের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে একটি উদাহরণ তৈরি হয়। আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে শুধু বাংলা ভাষা কিংবা বাংলাদেশের ইতিহাস শিখবে না; তারা এটাও দেখবে, ভিন্নমত থাকা সত্ত্বেও আমরা কীভাবে একসঙ্গে থাকতে শিখেছি।

আমি চাই একদিন আয়ারল্যান্ডের কোনো আইরিশ পরিবারও কৌতূহল নিয়ে আমাদের একুশে বইমেলায় আসুক। বাংলা বই হাতে নিয়ে দেখুক, ভাষা আন্দোলনের ইতিহাস জানুক, আমাদের কবিতা ও সাহিত্যের সঙ্গে পরিচিত হোক। আমাদের সন্তানেরা গর্ব করে বলতে পারুক, আমরা যে দেশে জন্মেছি, সেই দেশের ভাষা ও সংস্কৃতির জন্য পৃথিবীর অন্য প্রান্তেও মানুষ ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে।

দিন শেষে আমাদের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। বাংলা ভাষা আমাদের প্রাণের স্পন্দন, আমাদের শিকড়ের ঠিকানা। সেই ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কোনো একক ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক গোষ্ঠীর নয়; এটি আমাদের সবার।

সমাজে আলো-ছায়া থাকবে, প্রশ্ন থাকবে, সমালোচনা থাকবে, কখনো অভিমানও থাকবে। কিন্তু সেই অভিমান যেন আমাদের একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে না দেয়। কারণ, একটি কমিউনিটির সবচেয়ে বড় শক্তি তার সদস্যদের পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা।

তাই আসুন, আমরা আর শুধু বরফ গলার অপেক্ষায় না থাকি। বরং যে কারণে বরফ জমে, সেই কারণগুলো দূর করার চেষ্টা করি। সম্পর্কের দরজাগুলো খোলা রাখি। একে অপরের হাত ধরে এগিয়ে যাই।

সব বিতর্ক, মতপার্থক্য ও অনুযোগের ঊর্ধ্বে উঠে আগামী পঞ্চম অমর একুশে বইমেলা হয়ে উঠুক সর্বজনীন, প্রাণবন্ত ও সার্থক। প্রবাসের বুকে বাংলা ভাষা ও সাহিত্যের এই আয়োজন আরও বহুদূর এগিয়ে যাক—এই প্রত্যাশা ও ভালোবাসা রইল।

বাংলা ভাষার জয় হোক, আমাদের সম্মিলিত প্রচেষ্টার জয় হোক।

Read full story at source