পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

· Prothom Alo

তৈরি পোশাকশিল্পে অস্থিরতার কারণে ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। বর্তমান বাজারদরে এর পরিমাণ (১২৫ টাকা ডলারের দর ধরে) ৩ হাজার ১৭৫ কোটি টাকা। ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ সরে গেল।

Visit asg-reflektory.pl for more information.

আজ তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বিজিএমইএ চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে। সেই জরিপের ফলাফলে ক্রয়াদেশ চলে যাওয়ার এ চিত্র ওঠে এসেছে।

বিজিএমইএ বলছে, জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের তথ্য প্রদান করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর সময়কালে অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই কারখানাগুলো সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শুধু এই ৩১৭ কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার (এফওবি মূল্যমান)।

ক্রয়াদেশ বাতিল ও এয়ার শিপমেন্টের বাড়তি চাপ পড়েছে পোশাকমালিকদের ওপর—এমন কথা জানিয়ে বিজিএমইএ বলেছে, সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি ক্রয়াদেশ বা অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। বিজিএমইএর ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০–এর বেশি। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।

বিজিএমইএর আহ্বান

বিজিএমইএ বলছে, তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। এর চেয়েও বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর।

বিজিএমইএ আরও বলেছে, দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত এ সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি। শিল্পের চাকা সচল রাখতে এবং এ বিপর্যয় কাটিয়ে উঠতে বিজিএমইএ সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

Read full story at source