সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম
· Prothom Alo

বলিউডে চার দশকের বেশি সময়ের ক্যারিয়ার। পাঁচ শতাধিক সিনেমায় অভিনয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, অসংখ্য পুরস্কার ও সম্মাননা। পর্দায় কখনো বাবা, কখনো খলনায়ক, কখনো হাস্যরসাত্মক চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা ও অভিনয়শিক্ষার প্রতিষ্ঠান গড়েও নিজের অবস্থান তৈরি করেছেন অনুপম খের।
Visit casino-promo.biz for more information.
এত দীর্ঘ ক্যারিয়ারের পর অনুপমের আর্থিকভাবে সচ্ছল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারনেটে তাঁর সম্পদের যে হিসাব ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে আপত্তি আছে অভিনেতার নিজেরই। বিভিন্ন ওয়েবসাইটে দাবি করা হচ্ছে, অনুপমের সম্পদের পরিমাণ ৫০০ কোটি রুপি। অথচ অভিনেতার দাবি, এই অঙ্কের ১০ শতাংশও তাঁর নেই।
সম্প্রতি ‘দ্য আনফিল্টারড আওয়ার’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনুপম। তাঁর ভাষ্য, গুগলে নিজের সম্পদের পরিমাণ খুঁজলে যে তথ্য পাওয়া যায়, তা দেখে মানুষ তাঁকে অঢেল সম্পদের মালিক মনে করে। বন্ধুরাও সেই হিসাব দেখে তাঁর কাছে মজা করে টাকা চান।
অনুপম বলেন, ‘মানুষের ধারণা, আমি খুব ধনী। গুগলে আমার সম্পদের পরিমাণ খুঁজলে অবাক হবেন। কখনো কখনো এসব ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করতে ইচ্ছা করে। ৪০০–৫০০ কোটি রুপির ১০ শতাংশও আমার নেই। বন্ধুরা ইন্টারনেটে এসব দেখে মজা করে বলে, ওই টাকা থেকে তাদেরও কিছু দিতে।’
তবে নিজের সম্পদ নিয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদ করলেও বিলাসী জীবনযাপনের বিষয়টি অস্বীকার করেননি অভিনেতা। ভালো রেস্তোরাঁয় খেতে পছন্দ করেন, আরামদায়ক ভ্রমণ করেন, থাকেন ভালো হোটেলে। তাঁর কাছে স্বাচ্ছন্দ্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেই স্বাচ্ছন্দ্যের জন্য নিজের নামে একাধিক বাড়ি বা বিপুল সম্পত্তির প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।
নিজের বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে
অনুপম খেরের জীবনযাপনের সবচেয়ে আলোচিত দিক হলো, দীর্ঘদিনের তারকা হয়েও নিজের নামে কোনো বাড়িতে থাকেন না তিনি। মুম্বাইয়ে একসময় তাঁর একটি বাড়ি ছিল। সেটি বিক্রি করে দেন অভিনেত্রী আলিয়া ভাটের কাছে। এর পর থেকে ভাড়া বাড়িতেই থাকছেন।
এ সিদ্ধান্ত অবশ্য হঠাৎ নেওয়া নয়। প্রায় ১০ বছর আগে ভেবেচিন্তেই নিজের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম। তাঁর স্ত্রী কিরণ খের তখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে চণ্ডীগড়ে চলে যান। ফলে মুম্বাইয়ে নতুন বাড়ি কেনার প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে শুরু করেন অভিনেতা।
কিন্তু বাড়ি খোঁজার ঝক্কি, সম্পত্তি কেনার চাপ এবং মালিকানার সঙ্গে জড়িয়ে থাকা নানা দায়িত্ব অনুপমকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। একসময় উপলব্ধি করেন, থাকার জন্য একটি জায়গা থাকলেই হলো। সেটি নিজের নামে হতে হবে, এমন কোনো কথা নেই।
অনুপমের কথায়, ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর নিজেকে অনেকটা মুক্ত মনে হয়েছে। বাড়ির রক্ষণাবেক্ষণ, সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা কিংবা কেনাবেচার চাপ—কোনোটিই আর তাঁকে ভাবতে হয় না। তাঁর ভাইও ভাড়া বাসায় থাকেন। দুজনই নিজেদের এই জীবনযাপনে খুশি।
আলিয়া ভাটের কাছে বিক্রি করেছিলেন বাড়ি
অনুপমের বিক্রি করা মুম্বাইয়ের বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে আলিয়া ভাটের নাম। ২০১৫ সালে মুম্বাইয়ের জুহু এলাকার একটি আবাসিক ভবনে অনুপমের কাছ থেকে দুটি ফ্ল্যাট কিনেছিলেন আলিয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুটি সম্পত্তির দাম ছিল যথাক্রমে প্রায় ৫ কোটি ১৬ লাখ ও ৩ কোটি ৮৩ লাখ রুপি।
পরে এই সম্পত্তি বিক্রির প্রসঙ্গ বিভিন্ন সাক্ষাৎকারে এসেছে। অনুপমের কাছে বাড়ি বিক্রি করে ভাড়ায় থাকার সিদ্ধান্তটি ছিল জীবনযাপনের ধরন বদলে ফেলার অংশ। সম্পত্তির মালিকানা ধরে রাখার চেয়ে নিজের সময় ও মানসিক স্বস্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
মায়ের জন্য কিনেছেন আট শয়নকক্ষের বাড়ি
নিজের বাড়ি না থাকলেও মায়ের জন্য বাড়ি কিনতে কার্পণ্য করেননি অনুপম। বরং মায়ের বহুদিনের ইচ্ছা পূরণ করতে সিমলায় কিনেছেন আটটি শয়নকক্ষের একটি বড় বাড়ি।
২০২৬ সালের এপ্রিলে ‘দ্য পাওয়ারফুল হিউম্যানস অফিশিয়াল’ অনুষ্ঠানে এই বাড়ি কেনার গল্প শুনিয়েছিলেন অভিনেতা। তাঁর মা প্রায় ৬০ বছর ভাড়া বাড়িতে কাটিয়েছেন। একদিন ছেলেকে বলেছিলেন, সিমলায় নিজের একটি বাড়ি চান। মায়ের সেই ইচ্ছা পূরণ করতে অনুপম তাঁকে নিয়ে বাড়ি খুঁজতে যান।
মা চেয়েছিলেন এক শয়নকক্ষের ছোট্ট বাড়ি। কিন্তু ছেলে কিনে দেন আট শয়নকক্ষের বাড়ি, সঙ্গে বড় বসার ঘর।
অনুপমের ভাষায়, ‘মা একটি বাড়ি চেয়েছিলেন। তিনি প্রায় ৬০ বছর ভাড়া বাড়িতে কাটিয়েছেন। তাই তাঁর নিজের একটি বাড়ি থাকার ইচ্ছা ছিল। তিনি এক শয়নকক্ষের বাড়ি চেয়েছিলেন, কিন্তু আমি তাঁকে আট শয়নকক্ষের একটি বাড়ি কিনে দিয়েছি।’
সম্পত্তির চেয়ে মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ
বাড়ি কেনার প্রতি অনুপমের অনাগ্রহের পেছনে রয়েছে একধরনের জীবনদর্শন। তাঁর মতে, অর্থ উপার্জনের পর মানুষের প্রয়োজন আসলে কতটুকু? থাকার জন্য একটি জায়গা, চলাফেরার জন্য গাড়ি এবং কাজের জন্য দু–একজন সহযোগী—এর বাইরে সবকিছুই অনেক সময় বাড়তি চাহিদা।
এ প্রসঙ্গে গৌতম বুদ্ধের জীবনদর্শনের কথাও টেনেছেন অনুপম। অবশ্য নিজেকে বুদ্ধের সঙ্গে তুলনা করতে চাননি; বরং বোঝাতে চেয়েছেন, জীবনের একপর্যায়ে মানুষ বুঝতে পারে, সম্পদই জীবনের সবকিছু নয়।
অনুপমের বক্তব্যের সারকথা, নিজের বাড়ি থাকলেই জীবন সুন্দর হবে, এমন নয়। ভাড়া বাড়িতেও ভালো থাকা যায়। সম্পত্তি বাড়ানোর প্রতিযোগিতায় নেমে মানসিক শান্তি হারানোর কোনো অর্থ নেই।
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের বিষয়টিও অনুপমকে ভাবায়। তাঁর পর্যবেক্ষণ, অনেক পরিবারে মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ তৈরি হয়। কখনো বৃদ্ধ মা–বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কখনো উইল বা সম্পত্তির কাগজে সই করানোর জন্য চাপ দেওয়া হয়। এমন পরিস্থিতি তাঁকে সম্পত্তির প্রতি অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকতে শিখিয়েছে।
প্রতি সিনেমার পরেই কেন মহেশ ভাটকে ২৫ হাজার রুপি দেন অনুপমঅনুপমের কথায়, ‘মানুষ মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে প্রায়ই বিরোধ দেখা যায়। কিন্তু ভাগ করে দেওয়ার মতো অর্থ থাকলে সংঘাত তুলনামূলক কম হতে পারে। আমি যত হালকা থাকতে পারব, তত উঁচুতে উড়তে পারব।’
কিরণ খেরও কি মেনে নিয়েছিলেন স্বামীর সিদ্ধান্ত
অনুপমের এই জীবনদর্শন শুরুতে স্ত্রী কিরণ খেরের কাছে খুব সহজে গ্রহণযোগ্য হয়নি। ২০২৪ সালে ‘কার্লি টেলস’–এর একটি সাক্ষাৎকারে অনুপম জানিয়েছিলেন, নিজের বাড়ি না রাখার সিদ্ধান্তে স্ত্রীকে রাজি করাতে কিছুটা সময় লেগেছিল।
কিরণ খেরের নিজেরও চণ্ডীগড়ে বাড়ি রয়েছে। সংসার ও কাজের প্রয়োজনে তাঁকে একটা সময় চণ্ডীগড়ে থাকতে হয়েছে। ফলে মুম্বাইয়ে স্থায়ী বাড়ি না রাখার সিদ্ধান্তটি তাঁদের জীবনযাপনের নতুন বাস্তবতা হয়ে ওঠে।
তবে অনুপমের মতে, সময়ের সঙ্গে কিরণও বিষয়টি মেনে নিয়েছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে