অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু
· Prothom Alo
সোনার দাম নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। কেউ এই সুযোগে কম দামে সোনা কিনছেন, কেউ আবার গুনছেন লোকসান। সোনা নিয়ে এই আলোচনার মধ্যেই সামনে আসছে আরেক সোনার প্রসঙ্গ: অলিম্পিকের সোনার পদক। নামেই যার পরিচয়, কিন্তু ভেতরে আসলে কতটা সোনা থাকে?
২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। এবারের আসরে ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক-ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অলিম্পিকের ইতিহাসে যা রেকর্ড। এরই মধ্যে চলছে নানা প্রস্তুতি। সেই প্রস্তুতির একটি অংশ পদক তৈরি। কিন্তু যাঁরা এসব ইভেন্টে সোনা জিতবেন, তাঁদের গলায় যে পদক ঝুলবে, সেটি কি সত্যিই সোনার তৈরি?
Visit esporist.org for more information.
উত্তরটা জানার আগে একটু পেছনে ফেরা যাক। আধুনিক অলিম্পিকের শুরু ১৮৯৬ সালে, এথেন্সে। সেবার প্রথম স্থানধারী যে পদক নিতেন, সেটি সোনার ছিল না, ছিল রুপার। সঙ্গে জলপাইয়ের শাখা ও একটি সনদ। দ্বিতীয় স্থানধারী পেতেন ব্রোঞ্জের পদক আর লরেলের শাখা। তৃতীয় স্থানের জন্য কোনো পদকই ছিল না।
অলিম্পিকে খাঁটি সোনা দেওয়া শুরু হয় ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। পুরোটাই সোনায় বানানো সেই পদকের ব্যাস ছিল ৩৭.৮ মিলিমিটার, ওজন ২১ গ্রাম। মানে এখনকার ভরির হিসাব ধরলে প্রতিটি সোনার পদকে ছিল প্রায় ১.৮ ভরি সোনা।
তবে খাঁটি সোনার পদকের আয়ু খুব বেশি দিন ছিল না। ১৯১২ সালের স্টকহোমে ২৪ গ্রাম পদকের পুরোটা সোনার ছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের গেমস হয়নি। ১৯২০ সালে অলিম্পিক ফিরলেও ‘খাটি সোনা’ ফিরতে পারেনি। পদকে ঢুকে পড়ে রুপা, ওপরে দেওয়া হয় সোনার প্রলেপ। অবশ্য পদকের আকারও বাড়তে থাকে দিনে দিনে।
১৯০৪ অলিম্পিক গেমসে প্রথম তিন পদকের প্রচলন শুরুযেমন ১৯২৮ সালে এর ব্যাস ছিল ৫৫ মিলিমিটার, এখন ৮৫। সর্বশেষ ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনার পদকের ওজন ছিল ৫২৯ গ্রাম। কিন্তু পদক যত বড় ও ভারী হয়েছে, সোনার ভাগ গেছে উল্টো পথে। এবার আসা যাক সেই উত্তরে—অলিম্পিক সোনার পদকে আসল সোনা কতটুকু থাকে?
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়মে সোনার পদকে অন্তত ৬ গ্রাম সোনা থাকতে হয়। কিন্তু পদকের যে আকার, তাতে এটুকুতে কিছুই হয় না। পুরো পদক তাই রুপা দিয়েই বানানো হয়, শতাংশের হিসাবে ৯২.৫ ভাগ। এরপর ওপরে দেওয়া হয় ৬ গ্রাম সোনার প্রলেপ। এ বছরই মিলান-কর্তিনায় হয়ে যাওয়া শীতকালীন অলিম্পিকে যেমন সোনার পদকের ওজন ছিল ৫০৬ গ্রাম। ৫০০ গ্রামই ছিল রুপা, বাকি ৬ গ্রাম সোনা।
ছিলেন অলিম্পিক তারকা, এখন এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়এই ৬ গ্রামের দাম কত, সেটা এবার সোনার বাজারেই মেপে দেখা যাক। ২০ নভেম্বর, শুক্রবার বাজার বন্ধের সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৩,৫২৪ ডলারের কিছু বেশি। এক আউন্সে প্রায় ৩১ গ্রাম, তাই প্রতি গ্রামের দাম দাঁড়ায় ১১৩ ডলারের মতো। ছয় গ্রামে তাহলে প্রায় ৬৮০ ডলার। একই সময়ে রুপার দাম ছিল আউন্সপ্রতি ৪১ ডলার। সেই হিসাবে ৫০০ গ্রাম রুপার দাম প্রায় ৬৫৯ ডলার। অর্থাৎ ঝলমলে সোনালি প্রলেপের আড়ালে রুপাও দামে প্রায় সমান, মাত্র ২০ ডলারের মতো কম। দুই ধাতু মিলিয়ে একটি সোনার পদকের কাঁচামালের দাম প্রায় ১,৩৪০ ডলার।
তুলনাটা প্যারিস অলিম্পিকের সঙ্গে করা যেতে পারে। অক্সফোর্ড ইকোনমিকসের মূল্যায়নে ২০২৪ অলিম্পিকে সোনার পদকের ধাতুমূল্য ছিল ১,০২৭ ডলার। সোনার দাম এখন এক বছরের সর্বনিম্নে, তবু ২০২৪ সালের তুলনায় অনেক ওপরে। ওই বছর আউন্সপ্রতি সোনার দাম ছিল প্রায় ২,৪০০ ডলার। তাই প্যারিসের চেয়ে আজকের হিসাবে একটি পদকের ধাতুমূল্য প্রায় ৩০০ ডলার বেশি।
লস অ্যাঞ্জেলেসের পদক কেমন হবে, কতটা ভারী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে। আয়োজকেরা এখনো পদকের চূড়ান্ত নকশা ও উপাদান প্রকাশ করেননি। তাই চূড়ান্ত অঙ্ক বদলাতে পারে। তবে খেলার জগতে একটা কথা আজীবনের জন্য অপরিবর্তনীয়—সোনার বাজারে দাম ওঠানামা করতে পারে, অলিম্পিক পদকের গৌরব নয়।
অলিম্পিকে ক্রিকেট ফেরার সবচেয়ে বড় যে কারণ