জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব, সাধারণ দৃশ্যে অসাধারণ মুহূর্তের খোঁজ

· Prothom Alo

কয়েক সেকেন্ডের একটি মুহূর্ত; কিন্তু আলোকচিত্রে তা থেকে যায় যুগের পর যুগ। মানুষের দৈনন্দিন জীবনের সংবেদনশীল পর্যবেক্ষণ এবং সাধারণ ঘটনার মধ্যে অসাধারণ গল্প খুঁজে পাওয়ার অনুপ্রেরণা জাগায় প্রতিদিনের এমন সব ছবি নিয়ে ঢাকায় চলছে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। এতে উঠে এসেছে তরুণ আলোকচিত্রীদের ভাবনা, সৃজনশীলতা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি।

দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী উৎসবে জমা দেন ২ হাজার ৭২১টি ছবি। সেখান থেকে বাছাই করা ৪৪টি ছবি নিয়ে সাজানো হয় প্রদর্শনী। পাশাপাশি ডিজিটাল স্ক্রিনিংয়ে দেখানো হয় আরও ৫০টি ছবি।

Visit afnews.co.za for more information.

গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হয়। ফ্রেঞ্চ উইক ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এই উৎসব শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাচ্ছেন সরকারি তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজয় কৃষ্ণ পাল। যে ছবির জন্য পুরস্কারটি পেয়েছেন, সেটি ছিল কুষ্টিয়ার একটি নৌকাবাইচের। ছবিতে বইঠা হাতে ছন্দ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগীদের উত্তেজনাপূর্ণ মুহূর্তকে ক্যামেরায় বন্দী করেছেন তিনি।

নৌকাবাইচের ছবিটি জিতে নেয় প্রথম পুরস্কার। ২৩ নভেম্বর

প্রথম আলোর কাছে অনুভূতি জানিয়ে বিজয় কৃষ্ণ বলেন, ‘সাধারণত নৌকাবাইচের এ অ্যাঙ্গেল ছবিতে উঠে আসে না। অনেকটা অনুরোধ করে ছবিটি তোলার সুযোগ পেয়েছিলাম। পুরস্কার জয়ে বেশ ভালো লাগছে।’

দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন কাজী শুভ্র সালামাত রহমান এবং তৃতীয় পুরস্কার পাচ্ছেন আশিকুর রহমান।

এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পাচ্ছেন ১০ জন আলোকচিত্রী। তাঁরা হলেন মুহাইমিনুর রহমান, প্রসেনজিৎ কুমার, তাসনিমুল হাসান, সাজ্জাদ হোসেন, আলহিম হোসেন, সাদিক রুদ্র, লাকিব উর রশিদ, আশরাফুল সরকার, মুস্তাভি ফাইয়াজ ও তাসিফ আনোয়ার।

এবারের উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রী রাহুল তালুকদার, সৌদ আল ফয়সাল ও আবীর আবদুল্লাহ।

অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল ২০২৬-এর পরিচালক আবীর আবদুল্লাহ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো তরুণ আলোকচিত্রীদের অনুপ্রাণিত করা এবং তাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করা। আমরা এমন একটি জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছি, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও ভাবনা ছবির মাধ্যমে তুলে ধরতে পারবেন এবং পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।’

বাছাই করা ৪৪টি ছবি নিয়ে সাজানো হয় প্রদর্শনী। ২৩ নভেম্বর

এবারের উৎসবে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি। পাশাপাশি শ্রদ্ধা জানানো হচ্ছে ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁকে। স্ট্রিট ফটোগ্রাফির ইতিহাসে অন্যতম প্রভাবশালী এই আলোকচিত্রীর ‘দ্য ডিসাইসিভ মোমেন্ট’ বা ‘নির্ণায়ক মুহূর্ত’ ধারণাটি বিশ্বজুড়ে আলোকচিত্রীদের অনুপ্রাণিত করেছে। দৈনন্দিন জীবনের সাধারণ দৃশ্যের মধ্যে লুকিয়ে থাকা বিশেষ মুহূর্ত যথাসময়ে ক্যামেরায় ধরে রাখাই এই ধারণার মূল কথা।

এর আগে ২০ নভেম্বর উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে ফরাসি দূতাবাসের মিশন উপপ্রধান ফ্রেদেরিক ইনজা। এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী শংকর শাওজাল ও সৌদ আল ফয়সাল। উৎসবটির আয়োজন করেছে অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্স (এওপি)। সহযোগিতায় রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ও সিটি ব্যাংক।

ফরাসি আলোকচিত্রের ঐতিহ্যকে বাংলাদেশের তরুণ আলোকচিত্রীদের সমকালীন কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও উৎসবের অন্যতম উদ্দেশ্য।

Read full story at source