বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?

· Prothom Alo

— বাংলাদেশ ব্যাংকের মজুত ১৪ দশমিক ২৮ টন।

Visit sport-tr.bet for more information.

— আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মজুত ২,৮১৪ টন সোনা।

— এ বছরের প্রথম ৯ মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে ৬৭৫ টন সোনা।

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীদের পাশাপাশি দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোও সোনা কেনার দিকে ঝোঁকে। ডলারের দর ওঠানামা, ভূরাজনৈতিক সংঘাত কিংবা বৈশ্বিক আর্থিক বাজারের অস্থিরতার মধ্যে সোনা ‘সেফ হেভেন’ তথা নিরাপদ বিনিয়োগ কিংবা আস্থার সম্পদ হিসেবে বিবেচিত হয়। এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার মজুত বাড়ানোর প্রবণতা দেখা যায়।

২০০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে সোনা মজুতের প্রবণতা অনুসরণ করতে দেখা গেছে। তার আলোকে কোন দেশে কি পরিমাণ সোনার মজুত আছে, তা দেখা নেওয়া যেতে পারে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ৮ হাজার ১৩৩ টন সোনা নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, তাদের মজুত যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম, যা পরিমাণে ৩ হাজার ৩৪৯ টন।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইতালি ও ফ্রান্স। দেশ দুটির সোনার মজুত যথাক্রমে ২ হাজার ৪৫২ ও ২ হাজার ৪৩৭ টন। পঞ্চম স্থানে থাকা চীনের মজুত ২ হাজার ৪১০ টন। এ হিসাব করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর সোনার মজুতের ভিত্তিতে।

শীর্ষ দশে আর কারা

বিশ্বে সোনার মজুতে শীর্ষ দশের বাকি পাঁচ দেশ হলো—রাশিয়া (২ হাজার ২৬৪ টন), সুইজারল্যান্ড (১ হাজার ৪০ টন), ভারত (৮৮১ টন), জাপান (৮৮১ টন) ও পোল্যান্ড (৬৭৩ টন)।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছেও বিপুল পরিমাণ সোনা মজুত আছে। তাদের ভান্ডারে রয়েছে প্রায় ২ হাজার ৮১৪ টন সোনা। সংস্থাটিকে এককভাবে অর্থাৎ দেশ হিসেবে বিবেচনা করা হলে মজুতের দিক থেকে এটির অবস্থান হতো তৃতীয়।

১৯৪৪ সালে আইএমএফ প্রতিষ্ঠার সময় নিয়ম করা হয়েছিল, সদস্যদেশগুলোকে নির্ধারিত চাঁদার একটি অংশ সোনা দিয়ে পরিশোধ করতে হবে। এভাবেই সংস্থাটির সোনার মজুত গড়ে ওঠে। পরবর্তী সময়ে বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমেও এর মজুত বেড়েছে। বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সোনার মজুত সহায়ক ভূমিকা পালন করে।

বাংলাদেশের সোনার ভান্ডারে কত

বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশের সোনার মজুত অনেক কম। গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সোনার মজুত ১৪ দশমিক ২৮ টন। পাকিস্তানের সোনার মজুতও বাংলাদেশের চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে ১৪ দশমিক ২৭৮ টন সোনা। বাংলাদেশ ব্যাংকের হিসাবেও এ তথ্য পাওয়া যায়। ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মজুত সোনার বড় অংশ সংরক্ষিত রয়েছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক তথা ব্যাংক অব ইংল্যান্ডে। বাকি সোনা রাখা আছে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে সোনার পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। তবে সোনার দাম বাড়ায় গচ্ছিত সোনার বাজারমূল্য বেড়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক কেন সোনা জমায়

কেন্দ্রীয় ব্যাংকের কাছে সোনা কেবল মূল্যবান ধাতু নয়, বরং আর্থিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ হাতিয়ার। কোনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলার, ইউরো বা অন্যান্য মুদ্রার পাশাপাশি সোনা থাকলে আন্তর্জাতিক বাজারে মুদ্রার দর ওঠানামা কিংবা আর্থিক সংকটের সময় কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

সোনার বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কোনো নির্দিষ্ট দেশের মুদ্রা বা সরকারের ঋণের ওপর নির্ভরশীল নয়। ফলে ডলারের ওপর নির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনার কৌশল হিসেবেও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কেনে।

বিশেষ করে গত কয়েক বছরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সোনা কেনার প্রবণতা বেড়েছে। বৈশ্বিক সংঘাত, নিষেধাজ্ঞার ঝুঁকি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে এ প্রবণতা দিন দিন জোরালো হচ্ছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পরিসংখ্যান মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিকস এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দাম নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদারও বিশেষ গুরুত্ব রয়েছে। গত সপ্তাহে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। তবে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণে বলা হয়েছে, স্বল্প মেয়াদে সোনার বাজারে চাপ থাকলেও দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদার কারণে বাজার ঘুরে দাঁড়াবে।

গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন সোনা কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। শুধু তৃতীয় প্রান্তিকেই (জুলাই–সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন সোনা কিনেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশ বেশি।

Read full story at source