উচ্ছিষ্ট থেকে সার, নিমপাতায় বালাইনাশক, বিষমুক্ত কৃষিতে সরমার চমক
· Prothom Alo

উঠানের এক কোণে গর্ত। সেখানে মাটির ওপরে বাঁশের বেড়ার গোলাকার বেষ্টনী। রান্নাঘরের উচ্ছিষ্ট, সবজির খোসা আর ঘাস ফেলে রাখা হয়েছে। সেগুলো পচে তৈরি হচ্ছে রাসায়নিকমুক্ত সার। অন্য পাশে নিমপাতা ও রসুন বেটে বালাইনাশক বানাচ্ছেন সরমা রানী (৪৮)। চারপাশে সারি সারি বিভিন্ন সবজি ও ফলের গাছ, আছে নানা জাতের মরিচ। এসব ফসলের বীজও সংরক্ষণ করা হয় এই বাড়িতেই।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে সরমা রানীর বাড়িতে গত রোববার গিয়ে এই দৃশ্য দেখা যায়। নিজের বসতভিটার ৩৩ শতাংশ জমিতে তিনি বিষমুক্ত সবজি চাষ করেন।
Visit h-doctor.club for more information.
সরমার স্বামী বিমল মণ্ডল শারীরিকভাবে দুর্বল। কাজ করতে পারেন না। সংসারের দায়িত্ব সরমার কাঁধেই। দশম শ্রেণিতে পড়াশোনা থেমে যাওয়ার আক্ষেপ থেকেই সন্তানদের শিক্ষিত করার সংকল্প করেছিলেন সরমা। তিনি বলেন, ‘আমার তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে বিএ পাস করেছে, ছোট মেয়ে মাধ্যমিক পাস করেছে। মেজ মেয়েকে নবম শ্রেণি পর্যন্ত পড়িয়েছি। তাদের বিয়ে হয়েছে। ছেলে এখন মাস্টার্স (স্নাতকোত্তর) পড়ছে।’ একসময় সরমার পরিবারে মনে করা হতো, তাঁদের বংশে লেখাপড়ার চল নেই। সেই ধারণা বদলাতেই সন্তানদের সাধ্যমতো পড়াশোনা করিয়েছেন বলে জানান তিনি।
সরমা রানী, উদ্যোক্তাদেশে রাসায়নিক সার ও বিষের ব্যবহার বেড়ে যাওয়ায় নানা রোগব্যাধিও বাড়ছে। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আমার মনে হয়েছে, এসব থেকে বাঁচতে হলে বিষমুক্ত সবজি উৎপাদনে ফিরতে হবে।গোবর নেই, রান্নাঘরের উচ্ছিষ্টেই সার
বাড়িতে গরু-ছাগল নেই, গোবরের সারও তা–ই নেই। সরমা সেই সমস্যার সমাধান বের করেছেন নিজেই। তিনি বলেন, ‘বাড়িতে তো গরু-ছাগল নেই যে গোবর দিয়ে সার বানাব। তাই রান্নাঘরের উচ্ছিষ্ট ও সবজির খোসা পচিয়ে জৈব সার তৈরি করি। এতে রাসায়নিক সার কিনতে হয় না, খরচও অনেকটা কমে।’
বাড়িতে পুঁইশাক, ডাঁটাশাক, লালশাক, পালংশাক, মুলা, শিম, বরবটি, কচুর মুখি, ওল, মরিচ, আদা, বড় কচুসহ নানা ধরনের সবজি আছে। এ ছাড়া খেতের আইল বা পতিত জমিতে প্রাকৃতিকভাবে জন্মানো ১৬ জাতের শাকও সংরক্ষণ করেছেন তিনি। এর মধ্যে কুলেখাড়া, মাটিফোঁড়া, থানকুনি, বৌটুনি ও আদাবরণ শাক উল্লেখযোগ্য।
উঠান থেকে বিষমুক্ত বেগুন সংগ্রহ করছেন সরমা। সম্প্রতি শ্যামনগরের মথুরাপুর গ্রামে৬০০ নারীকে প্রশিক্ষণ
২০১৮ সালের শুরুর দিকে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) সহায়তায় সরমার এই পথচলা শুরু। বেসরকারি সংস্থাটির প্রশিক্ষণ নিয়ে একসময় তিনি নিজেই প্রশিক্ষক হয়ে ওঠেন। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টি প্রশিক্ষণে আশপাশের প্রায় ৬০০ নারীকে জৈব সার তৈরি, প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার ও দেশীয় বীজ সংরক্ষণের কৌশল শিখিয়েছেন তিনি।
নিজের উদ্যোগ ছড়িয়ে দিতে সরমা তাঁর বাড়িতেই গড়েছেন ‘মথুরাপুর বকুল কৃষি নারী উন্নয়ন সংগঠন’। সংগঠনের উদ্যোগে গড়া দেশীয় বীজের ছোট ব্যাংকে সংরক্ষিত আছে প্রায় ৮০ ধরনের বীজ। দুই শতাধিক নারী কৃষকের সঙ্গে নিয়মিত বীজ বিনিময় করেন তিনি। তাঁর বাড়িতে সংরক্ষিত আছে ৩০ ধরনের সবজি, ২০ ধরনের ফল ও ১২ প্রজাতির মরিচের বীজ। সবজি বিক্রি করে মাসে প্রায় সাত হাজার টাকা আয় হয় তাঁর।
ফুলতলা গ্রামের কিষানি দীপ্তি রানী বলেন, ‘সরমা দিদির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জৈব পদ্ধতিতে ফসল ফলাতে শিখেছি। আগে আমার পেঁপেগাছে তেমন পেঁপে হতো না। এখন ভালো ফলন পাচ্ছি।’
এলাকার নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন সরমা। ১৩ নভেম্বর শুক্রবার সকালে শ্যামনগরের মথুরাপুর গ্রামেবিষমুক্ত সবজি চাষ ছড়িয়ে দিতে চান
নিজের উঠানের এই বিষমুক্ত চাষাবাদ ছড়িয়ে দিতে চান সরমা। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিজে বিষমুক্ত সবজি চাষ করে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি। এভাবে প্রথমে একটি গ্রাম, এরপর ওয়ার্ড ও ইউনিয়ন ধরে এগোতে পারলে একসময় সারা দেশে বিষমুক্ত সবজি চাষ ছড়িয়ে পড়বে।’
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় বীজ, জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদনে সরমা রানীর উদ্যোগ প্রশংসনীয়। নিরাপদ কৃষির চর্চায় তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর অভিজ্ঞতা অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেবে।