ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চায় বাংলাদেশ ব্যাংক

· Prothom Alo

দেশের ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছে তারা। নিরাপত্তার কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যাংকটির অবকাঠামো, আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির শাখা আছে ২ হাজার ৫২৮টি। এ ছাড়া ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস আছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান। তবে সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ ঋণসেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়ছেন।

এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো এসব সম্পদ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের ও বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ আছে।

Read full story at source