নয় বছরে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে সেবাগ্রহীতা বেড়েছে সাড়ে তিন গুণ, বাড়েনি জনবল

· Prothom Alo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ৯ বছরের ব্যবধানে সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ। তবে সেই অনুপাতে বাড়েনি জনবল। সীমিত জনবল দিয়েই বাড়তি সেবাপ্রত্যাশীদের চাপ সামলাতে হচ্ছে কেন্দ্রের কর্মীদের। এতে জরুরি প্রয়োজনের সময় সেবা পেতে অপেক্ষা করতে হচ্ছে মানসিক সংকটে থাকা শিক্ষার্থীদের।

Visit extonnews.click for more information.

এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। নাম প্রকাশ না করা এই শিক্ষার্থী একসময় গবেষণা, খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন। প্রেমের সম্পর্কের টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়েন। পরে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের শরণাপন্ন হন। তিনি বলেন, ‘ফরম পূরণের এক সপ্তাহ পর আমাকে সেশন দেওয়া হয়। কিন্তু আমার পরিস্থিতি এতই খারাপ ছিল যে ওই দিনই আমাকে সেবা দেওয়া উচিত ছিল।’

শুধু এই শিক্ষার্থী নন; সেবা নেওয়া প্রায় সবারই দুই থেকে সাত দিন অপেক্ষা করতে হচ্ছে। কেন্দ্র-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত ও স্থায়ী জনবল না থাকায় তাঁরা চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের সেবা দিতে পারছেন না।

সেবাগ্রহীতা বাড়লেও জনবল সীমিত

২০১৭ সালের আগস্টে একজন করে পরিচালক, প্রধান মনোবিজ্ঞানী ও কো-অর্ডিনেটর দিয়ে বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু হয়। এরপর ৯ বছরে মাত্র দুজন কাউন্সেলর সেবাদানে যুক্ত হয়েছেন। বর্তমানে পাঁচজন কর্মকর্তা দিয়ে এর কার্যক্রম চলছে। পরিচালক ছাড়া বাকি ‘নামমাত্র ভাতা’ বা ‘প্রায় বিনা পারিশ্রমিকে’ কাজ করছেন। তাঁদের সবার পদও অস্থায়ী।

স্বাস্থ্যকেন্দ্রের তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরে সেবা নেন ১৯৬ জন। পরের দুই অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২৪০ ও ২৭২ জনে। করোনা মহামারির সময় ২০২০-২১ অর্থবছরে সেবাগ্রহীতা সামান্য কমলেও পরের বছরগুলোতে আবার বাড়তে থাকে। ২০২১-২২ অর্থবছরে একলাফে তা বেড়ে ৫৩৮ জনে পৌঁছায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে সেবা নিয়েছেন ৬৭৩ জন। অর্থাৎ ৯ বছরে সেবাগ্রহীতা সাড়ে তিন গুণ বেড়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ১৫ জন সেবা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এর মধ্যে জুন পর্যন্ত ৩ হাজার ৪৬৭ শিক্ষার্থী, ১৫৬ শিক্ষক ও ১৪৯ কর্মকর্তা-কর্মচারী সেবা নিয়েছেন।

মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহা. এনামুল হক প্রথম আলোকে বলেন, কাউন্সেলররা নামমাত্র ভাতা বা প্রায় বিনা পারিশ্রমিকে সেবা দিচ্ছেন। জনবল-সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। স্থায়ীভাবে দক্ষ কাউন্সেলর, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিলে শিক্ষার্থীরা আরও কার্যকর ও মানসম্মত সেবা পাবেন।

জরুরি সংকটে ভোগান্তি

স্বাস্থ্যকেন্দ্রের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে দুই দিন ঘুরে দেখা যায়, কোনো সেবাগ্রহীতা স্বাস্থ্যকেন্দ্রে এলে প্রথমে তাঁকে ব্যক্তিগত গোপনীয়তার তথ্যের ফরম পূরণ করতে হয়। এরপর তাঁকে একটি নির্দিষ্ট তারিখে আসতে বলা হয়। একাধিক সেশনে তাঁর সমস্যার ধরন চিহ্নিত করা হয়। ধরন অনুযায়ী ব্যক্তিগত ও দলগত সেশনে কাউন্সেলিং করানো হয়। তবে জরুরি মানসিক সংকটে থাকা সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক সেশন দেওয়া সম্ভব হয় না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নাম প্রকাশ না করার শর্তে সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘মাস ছয়েক আগে আমি প্রচণ্ড হতাশায় ভুগছিলাম। মানসিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার ছয় দিন পর আমাকে প্রথম সেশন দেওয়া হয়। ওই সময়টা খুবই জটিল ছিল।’

৯ বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রের কো-অর্ডিনেটর ও মনোবিজ্ঞানী হিসেবে কাজ করছেন মো. মেহেদী হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক ক্লায়েন্টের সমস্যা গুরুতর। তাঁদের দ্রুত সেবা দেওয়া প্রয়োজন জানার পরও অনেক সময় তা করা যায় না। কারণ, আগের ক্লায়েন্টদের সেশনের সময় নির্ধারিত থাকে। তবে জরুরি সংকটে থাকা শিক্ষার্থীদের দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, এখানে কোনো পিয়ন বা কর্মচারী নেই। তাঁকেই বিভিন্ন ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়।

যেসব সমস্যা নিয়ে আসেন সেবাগ্রহীতারা

যৌন হয়রানি, বিভিন্ন ধরনের আসক্তি, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, একাকিত্বসহ বিভিন্ন কারণে স্বাস্থ্যকেন্দ্রে আসেন সেবাগ্রহীতারা। এ ছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাপন, পরীক্ষায় খারাপ ফল, অর্থনৈতিক সংকট, আত্মবিশ্বাসের অভাব, শৈশবের তিক্ত অভিজ্ঞতাসহ মোট ১৭টি কারণ চিহ্নিত করেছেন স্বাস্থ্যকেন্দ্রের বিশেষজ্ঞরা।

৯ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আত্মহত্যার প্রবণতা নিয়ে সেবা নিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ৩৭০ জন, হতাশার কারণে ৬৭৫, বিভিন্ন উদ্বেগ নিয়ে ৪৮৭, যৌন হয়রানি-সংশ্লিষ্ট সমস্যায় ১২৫, পারসোনালিটি ডিজঅর্ডারে ১৩৩, ঘুমের সমস্যায় ১৪৬, রাগের সমস্যায় ১৬৪ জন এবং মানসিক চাপের সমস্যায় ২১৪ জন সেবা নিতে এসেছেন। এ ছাড়া বিভিন্ন কারণে শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্র থেকে সেবা নেন।

স্থায়ী অবকাঠামোর পরিকল্পনা প্রশাসনের

বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের পূর্ব পাশে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান। শুরুতে টিনশেড ঘরে কার্যক্রম শুরু হলেও সম্প্রতি ৩৫ লাখ টাকায় অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হয়। বর্তমানে আটটি কক্ষের মধ্যে কাউন্সেলরদের জন্য ছয়টি, একটি অফিস কক্ষ এবং একটি গ্রুপ কাউন্সেলিং কক্ষ। কাউন্সেলরদের যাতায়াত ও মুঠোফোন ভাতা বাবদ প্রশাসন মাসে সাড়ে ২৫ হাজার টাকা দেয়। এ ছাড়া অফিস পরিচালনার জন্য দেওয়া হয় পাঁচ হাজার টাকা।

স্বাস্থ্যকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটিকে একটি পূর্ণাঙ্গ ইউনিটে পরিচালনার চিন্তা আছে প্রশাসনের। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র ছয়তলাবিশিষ্ট ভবন হওয়ার কথা আছে। তখন এটি সেখানে স্থানান্তর করে পূর্ণাঙ্গ ইউনিট করা হবে।

যোগাযোগ করলে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগে লজ্জায় অনেকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে যেতেন না। সেবাগ্রহীতা বাড়ার বিষয়টি তাঁরা ইতিবাচকভাবেই দেখছেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ ব্যাপারে সচেতনতা বাড়ায় এমনটি হয়েছে।

মানসিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে প্রশাসনের পরিকল্পনার কথা জানিয়ে উপাচার্য বলেন, ‘সক্ষমতা বাড়ানোর বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। পুরোদমে নিয়োগপ্রক্রিয়া শুরু হলে সেখানে জনবল নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে কিছু বাজেট দেওয়া হয়েছে।’

Read full story at source