ইতালিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

· Prothom Alo

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ইতালিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে ইতালির লেইজ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার।

Visit michezonews.co.za for more information.

নিহত নয়ন ফকির (২৮) ও অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকির (৩২) টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। কাজের সূত্রে দুই ভাই ইতালির লেইজ শহরে বসবাস করতেন।

স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে হুমায়ুন ফকির বাড়িতে ভিডিও কল করে পরিবারের সদস্যদের জানান, নয়নের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে নয়নকে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। পরে ভিডিও কলেই পরিবারের সদস্যদের নয়নের লাশ দেখান এবং হত্যার কথা স্বীকার করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, প্রায় ১২ বছর ধরে ইতালিতে অবস্থান করছেন হুমায়ুন ফকির। তাঁর সহায়তায় ২০২৩ সালে সে দেশে যান ছোট ভাই নয়ন। তাঁদের মধ্যে টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া হুমায়ুনের দুই স্ত্রী। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার বিষয় নিয়েও দুই ভাইয়ের মধ্যে মতবিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে ঘটনার দিন তাঁদের মধ্যে তর্কবিতর্ক ও ঝগড়ার এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসে ঘটনার বিষয়ে জানিয়েছেন। তাঁদের বরাত দিয়ে তিনি জানান, ইতালিতে নেওয়ার সময় নয়নের জন্য কিছু টাকা খরচ করেছিলেন হুমায়ুন, যার কিছু অংশ নয়ন পরিশোধ করলেও আরও টাকা পাওনা ছিল। নয়ন সে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। ইতালিতে পাশাপাশি বাড়িতে থাকতেন দুই ভাই। বৃহস্পতিবার নয়ন সাইকেল আনতে বড় ভাইয়ের বাসায় গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

এ ঘটনায় ইতালির পুলিশ হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

Read full story at source