রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে আরসার কমান্ডার গ্রেপ্তার
· Prothom Alo

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরের একটি ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার রাত ৯টার দিকে আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন জানায়, গ্রেপ্তার আরসার কমান্ডারের নাম মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০)। একই সময়ে তাঁর সহযোগী আবদুল হাফেজকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনেই ওই ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা ছিলেন। এপিবিএনের তথ্য মতে, মোহাম্মদ আলম একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
Visit syntagm.co.za for more information.
আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তাঁর সহযোগী আবদুল হাফেজ আশ্রয়শিবিরের (ক্যাম্প-৬) একটি আস্তানায় অবস্থান করছিলেন। গতকাল রাত ৯টার দিকে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই রোহিঙ্গা আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। দুজনকেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।