মদনপুর আলোর পাঠশালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
· Prothom Alo
বর্ণাঢ্য আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মদনপুর আলোর পাঠশালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে—' মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা।' কর্মসূচির অংশ হিসেবে সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
Visit grenadier.co.za for more information.
আলোচনা সভায় শিক্ষকেরা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সমৃদ্ধি অর্জনে একটি শিক্ষিত জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। বর্তমানে বিশ্বে একাধিক দেশের সাক্ষরতার হার প্রায় ১০০%, যা তাদের সমৃদ্ধির অন্যতম মূল ভিত্তি। সে তুলনায় বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। সরকারি তথ্য মতে, দেশের প্রায় ২৩% মানুষ এখনো অক্ষরজ্ঞানহীন। শিক্ষকবৃন্দ আরও উল্লেখ করেন, দেশকে নিরক্ষরতামুক্ত করতে হলে নারীশিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নেপোলিয়নের বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, ' তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।' তাই নারী সমাজকে শিক্ষিত করে তুলতে পারলে দেশ দ্রুত নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা তাদের বক্তব্য তুলে ধরেন।অনুষ্ঠানে কেবল সরকার বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন নিজ পরিবার বা আশপাশের যেকোনো নিরক্ষর মানুষকে স্বাক্ষরজ্ঞান দান করার উদ্যোগ নেন। সকলের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ অচিরেই একটি সম্পূর্ণ নিরক্ষরতামুক্ত ও সমৃদ্ধশালী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।