২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
· Prothom Alo

রাজধানীর কদমতলী এলাকার পোস্তগোলায় ২৫ লাখ টাকার হেরোইন উদ্ধারের মামলায় মো. মহিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Visit rouesnews.click for more information.
আজ শনিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার আগে কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ নভেম্বর দিবাগত রাত একটার দিকে তৎকালীন র্যাবের একটি দল কদমতলীর পোস্তগোলায় পাগলাগামী সড়কে অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে মহিউদ্দিনকে আটক করা হয়। তাঁর হাতে থাকা ব্যাগ থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে কদমতলীসহ আশপাশের এলাকায় মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় মামলা হলে তদন্ত শেষে ২০২২ সালের ২১ জানুয়ারি মহিউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। ২০২৩ সালের ১১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করার আদেশ দেন আদালত।
বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। আজ সেই মামলায় রায় ঘোষণা করা হলো।