মানুষ নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ
· Prothom Alo

তেলের বদলে এবার বিদ্যুতে চলবে যাত্রীবাহী উড়োজাহাজ। স্বল্প দূরত্বের বাণিজ্যিক ভ্রমণের জন্য বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরিতে আরেক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক বিমান ‘সিই-২৫এ’ গত শনিবার প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই উড্ডয়ন পরীক্ষা চালানো হয়।
কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) এই উড়োজাহাজ তৈরি করেছে। শনিবারের পরীক্ষামূলক উড্ডয়নে এতে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। পুরো পরীক্ষাটি চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড ধরে। এর মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে এবং এ সময় ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ পাড়ি দেয়। কোম্যাক এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পরীক্ষার সব ফলাফলই প্রত্যাশামাফিক হয়েছে।
Visit fish-roadgame.online for more information.
সিই-২৫এ হলো কোম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এক শহর থেকে আরেক শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী নিয়ে চলাচলের উপযোগী করে এর নকশা করা হয়েছে। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন হতে পারে ১০ মেট্রিক টন। এটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে এবং ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে। টানা এটি ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। বিমানটির ডানায় বসানো হয়েছে বিশেষ ধরনের সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা, যা একে আকাশে ওড়ার শক্তি জোগায়।
পাইলটসহ ওড়ার আগে এই উড়োজাহাজ চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল। গত ২ ফেব্রুয়ারি এর প্রথম চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন হয়। তৈরির পর্যায়ে এটি চালক ছাড়া ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। কোম্যাকের পাশাপাশি চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় ও দেশীয় অন্যান্য অংশীদার যৌথভাবে উড়োজাহাজটি তৈরি করছে।
এখন বিমানটি বাণিজ্যিকভাবে চালানোর জন্য সনদ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে সিই-২৫এ উড়োজাহাজের সনদের আবেদন গ্রহণ করেছে। বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের জন্য চীনের ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা মেনেই এটি তৈরি করা হচ্ছে। বাণিজ্যিক সেবায় যুক্ত হওয়ার আগে উড়োজাহাজটিকে অবশ্যই এই অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।