মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল

· Prothom Alo

কুষ্টিয়ার দৌলতপুরে একটি পরিবারের আশ্রয়ে দীর্ঘ চার বছর ছিলেন নেপালের তরুণ রিয়ান আনসারী। আজ শনিবার তাঁকে নিতে আসেন নেপাল দূতাবাসের কর্মকর্তারা

ভারতের পশ্চিমবঙ্গের জলঙ্গী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন নেপালি যুবক রিয়ান আনসারী। এরপর কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। ভিনদেশি ভাষা, অচেনা পথঘাট আর অসুস্থতা—অসহায় এক জীবন।

Visit tr-sport.bond for more information.

একপর্যায়ে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুরে বিদ্যুৎমিস্ত্রি পলাশ আহমেদের দোকানের সামনে আসেন রিয়ান। দেখেই মনে হচ্ছিল তিনি মানসিকভাবে সুস্থ নন। পরে মানবিক কারণে পলাশ তাঁকে নিজ বাড়িতে আশ্রয় দেন।

পলাশ নিজের পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিলেন ভিনদেশি এই তরুণকে। এভাবে কেটে গেছে চারটি বছর। অবশেষে বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের প্রচেষ্টায় নিজ দেশে মা-বাবার কাছে ফিরছেন রিয়ান (২৪)।

আজ শনিবার দুপুরে ফিলিপনগরে আসে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের প্রতিনিধিদল। দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইনের নেতৃত্বে দূতাবাসের গাড়িতে করে রিয়ানকে নিয়ে রওনা হন কর্মকর্তারা।

কথা বলে জানা গেছে, আগামীকাল রোববার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অধীর আগ্রহে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের কাছে রিয়ানকে হস্তান্তর করা হবে। রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা বাদল আনসারীর ছেলে।

পলাশ আহমেদ বলেন, প্রায় চার বছর আগে রিয়ানকে তিনি অসুস্থ ও অগোছালোভাবে পান। মানবিক দিক বিবেচনা করে তাঁকে বাড়িতে নেন। পরিবারের একজন সদস্যের মতো করেই তাঁকে দেখাশোনা করেন। রিয়ান কথা কম বলতেন। ভাত খেতে চাইতেন না, গোশতের ঝোল দিয়ে মুড়িমাখা ও ডিমভাজি খেতে বেশি পছন্দ করেন। কারও সঙ্গে খারাপ আচরণ করেন না।

পলাশ বলেন, শুরুতে রিয়ানের ভাষা বুঝতে কষ্ট হতো। তবে ধীরে ধীরে বাংলা বলতে ও বুঝতে পারেন তিনি। কয়েক দিন আগে তিনি তাঁর পরিবারের একটি ইমো নম্বর দেন। ওই নম্বরে যোগাযোগ করে নেপালে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়। রিয়ান নিয়মিত তাঁর পরিবারের সঙ্গে কথা বলতেন। পরিবারের কাছে ফিরে যেতে ব্যাকুল হয়ে ওঠেন।

নেপালের তরুণ রিয়ান আনসারীকে নিতে আসা দূতাবাসের গাড়ি

রিয়ানের পরিবারের বরাত দিয়ে পলাশ জানান, নেপালে মুসলিম পরিবারের সন্তান রিয়ান আনসারী। মা–বাবা, পাঁচ ভাই ও এক বোন নিয়ে তাদের সংসার। দুই ভাই কাতারপ্রবাসী। এক ভাই কম্পিউটার প্রকৌশলী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে রিয়ান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ছয় বছর আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দেড় বছরের বেশি সময় ভারতেই ছিলেন। এর মধ্যে ভারতের পত্রিকায় তাঁর ছবিসহ নিখোঁজ সংবাদও প্রচারিত হয়।

চলতি বছরের ১ জুলাই প্রথম আলো অনলাইনে ‘মানসিক ভারসাম্যহীন ভেবে আশ্রয়, চার বছর পর জানা গেল তিনি বিদেশি নাগরিক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

শনিবার রিয়ানের বিদায়ের মুহূর্তে ফিলিপনগরের বাড়িতে তৈরি হয় আবেগঘন দৃশ্যের। দীর্ঘ চার বছর পরিবারের একজনের মতো আগলে রাখা রিয়ানকে বিদায় দিতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল পলাশ আহমেদের। তিনি বলেন, ‘আজ ওকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে যেমন বুকটা আনন্দে ভরে যাচ্ছে, তেমনি দীর্ঘদিনের মায়া ছেড়ে বিদায় দিতেও মনটা ভেঙে যাচ্ছে।’

সুরাজ আমগাইন, নেপাল দূতাবাসের কর্মকর্তাবাংলাদেশের মানুষ রিয়ানকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। দুই দেশের সরকারি উদ্যোগে ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আমরা কুষ্টিয়া থেকে রিয়ানকে ঢাকায় নিয়ে এসেছি। রোববার বাংলাবান্ধা সীমান্তে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

বিদায়বেলায় গাড়িতে ওঠার সময় রিয়ানের চোখেও ছিল অশ্রু আর ঘরে ফেরার ব্যাকুলতা। একদিকে আশ্রয়দাতা পরিবারের মায়া, অন্যদিকে ছয় বছর পর নিজ মা-বাবাকে দেখার আনন্দ—দুইয়ের টানে আবেগে যেন বাষ্পরুদ্ধ রিয়ান।

সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সুরাজ আমগাইন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মানুষ রিয়ানকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। দুই দেশের সরকারি উদ্যোগে ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আমরা কুষ্টিয়া থেকে রিয়ানকে ঢাকায় নিয়ে এসেছি। রোববার বাংলাবান্ধা সীমান্তে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘ছেলেটি দীর্ঘদিন ধরে এখানে ছিল। শনিবার দুপুরে নেপাল দূতাবাসের এক কর্মকর্তা তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছেন।’

দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি ভিনদেশি একজনকে নেপাল দূতাবাসের লোকজন নিয়ে গেছেন।

মানসিক ভারসাম্যহীন ভেবে আশ্রয়, চার বছর পর জানা গেল তিনি বিদেশি নাগরিক

Read full story at source