জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা: নাহিদ

· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নিতে যাচ্ছে। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, সংলাপে তাঁরা জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।

Visit moryak.biz for more information.

আজ রোববার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ এসব কথা বলেন। যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে দেশে আজ রোববার বিকেলে দেশে ফেরেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেই লক্ষ্যে সংলাপে এনসিপির অংশগ্রহণ নিয়ে বিমানবন্দরে দলীয় অবস্থান তুলে ধরেন নাহিদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি তখন সংলাপের আহ্বান জানান, অবশ্যই দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে আমরা সেই সংলাপে সাড়া দেব। আমরা বেসিক্যালি (মূলত) শুনতে চাইছি প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন (পরামর্শ) দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব।’

ঐক্যের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাইছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।’

গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সঠিকভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর—এই মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, জনগণকে বারবার সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে রাজনৈতিক দলগুলো রাস্তায় নামাবে এবং বিপ্লব শেষ হলে তাদের অঙ্গীকার ভঙ্গ করবে—জনগণ সেই আহ্বানে সাড়া দেবে না।

‘ঐক্য ভেঙেছে বিএনপি’

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি। সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা না করে জাতীয় ঐক্য তারাই প্রথম ভঙ্গ করেছিল। নির্বাচনের পর শপথ নেওয়ার দিনই দ্বিতীয়বারের মতো তারা জাতীয় ঐক্য ভঙ্গ করল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। সাত মাস ধরে বিএনপির বিভিন্ন নেতা গণভোটের গণরায়কে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অস্বীকার করেছেন। ফলে বিএনপিকে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হয়, তাহলে তারা আগে যেসব পদক্ষেপ নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গ করেছিল, সেসব ভুল শুধরে এই আহ্বান জানানো উচিত।

এনসিপি নিজের জায়গা থেকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে বলেও জানান নাহিদ। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশা আল্লাহ আমরা রাজপথে করব। সেটার জন্য আমাদের আসলে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য বা এক টেবিলে বসার কোনো বিষয় নেই। আওয়ামী লীগের প্রথম টার্গেটই হচ্ছে এনসিপি। ফলে রাজনৈতিক কারণেই আমরা সেই লড়াই অব্যাহত রাখব।’

১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরে বিভিন্ন সেমিনার, আলোচনা ও মতবিনিময়ে অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ১৬ নভেম্বর লন্ডনে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতা-কর্মীরা ন্যক্কারজনক আক্রমণ চালান।

Read full story at source