ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেওয়া হয়নি জানাল সেনাবাহিনী

· Prothom Alo

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ফিলিপাইন সফরের সময় রাষ্ট্রীয় এক মধ্যাহ্নভোজে সোনার ব্যাটন পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে ফিলিপাইনের সেনাবাহিনী তাঁকে এই সম্মাননা দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে।

Visit newssport.cv for more information.

সেনাবাহিনী বলেছে, ফিল্ড মার্শাল পদমর্যাদা এবং এর সঙ্গে যুক্ত ব্যাটনটি এখন আর তাঁদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়। ট্রাম্প আরও ঘোষণা করেছেন, তাঁর এই সফরের সময় যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে।

১৯৩৬ সালে মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থার যে সম্মাননা পেয়েছিলেন, ম্যানিলা সফরের সময় তা তাঁকে দেওয়া হয়নি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন। এরপরই ফিলিপাইনের সেনাবাহিনী তাঁকে সোনার ব্যাটন দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়।

গত বুধবার ম্যানিলার প্রেসিডেন্ট ভবন ‘মালাকানিয়াং প্যালেসে’ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁকে সোনার ব্যাটন ও ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়নি।

সমবেত অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই, ঠিক এখানেই, এই প্রাসাদেই প্রেসিডেন্ট (ম্যানুয়েল এল) কেজন ডগলাস ম্যাকআর্থারকে সোনার ব্যাটন এবং ফিলিপাইন সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদমর্যাদায় ভূষিত করেছিলেন।’

অন্য অতিথিরা যখন হাসছিলেন তখন ট্রাম্প বলেন, ‘আপনারা কিছু মনে না করলে আমি চাইব, আপনারা আমাকেও সেটি দিন। আমি এটা খুব পছন্দ করব। মানে, আমি কেন এই সম্মাননা পাব না?’

সেনাবাহিনী পরে এক বিবৃতিতে জানায়, ফিল্ড মার্শালের পদ এবং এর ব্যাটনটি তাঁদের পরবর্তী পদমর্যাদার কাঠামোতে রাখা হয়নি। এটি এখন আর তাঁদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের সেনাবাহিনী গঠন ও উন্নয়নে কমনওয়েলথ সরকারের সামরিক উপদেষ্টা হিসেবে ম্যাকআর্থারের দায়িত্ব পালনের অংশ হিসেবে তাঁকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছিল।

সেনাবাহিনী আরও যোগ করেছে, ওই ব্যাটনটি তাদের ঐতিহ্য এবং ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ‘ঐতিহাসিক প্রতীক হিসেবে রয়ে গেছে’।

১৯৪৬ সালে স্বাধীনতার আগে মার্কিন শাসনের অধীনে ফিলিপাইনের স্বায়ত্তশাসিত সরকার ‘ফিলিপাইন কমনওয়েলথ’-এর নেতৃত্ব দিয়েছিলেন কেজন। ফিলিপাইনের জাতীয় সেনাবাহিনী গঠনে সহায়তার জন্য ম্যাকআর্থারকে সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ফিল্ড মার্শাল উপাধিটি ফিলিপাইনের ইতিহাসে এ ধরনের একমাত্র পদমর্যাদা।

ম্যাকআর্থারকে কেজন যে ব্যাটনটি দিয়েছিলেন, তা বর্তমানে ভার্জিনিয়ার নরফোকে জেনারেল ম্যাকআর্থারের নামে উৎসর্গ করা একটি জাদুঘরে রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাকআর্থার ফিলিপাইনে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব।

ম্যানিলা হোটেলে একটি ‘ম্যাকআর্থার স্যুট’ রয়েছে। লেয়তে দ্বীপের একটি পার্কে তাঁর পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। ১৯৪২ সালে জাপানি সৈন্যরা মার্কিন ও ফিলিপিনো বাহিনীকে পরাস্ত করার পর তিনি অস্ট্রেলিয়ায় সরে যান। কিন্তু সেখান থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেন এবং দুই বছর পর লেয়তে উপকূলে ফিরে আসেন।

দুই দেশের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানানোর পরপরই ডোনাল্ড ট্রাম্প পদক পাওয়া নিয়ে বক্তব্যটি দেন।

ট্রাম্প বলেন, ‘উইলিয়াম হাওয়ার্ড টাফট থেকে শুরু করে ডোয়াইট ডি আইজেনহাওয়ার পর্যন্ত, আমাদের জাতির সর্বকালের সেরা কিছু মেধাবী ও শীর্ষস্থানীয় নেতা...তাঁরা সব সময় জানতেন, ফিলিপাইন একটি অপার সম্ভাবনাময় জায়গা।’

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সংস্থার (আসিয়ান) শীর্ষ সম্মেলনসহ এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে ট্রাম্প ম্যানিলা সফর করেছিলেন।

ট্রাম্প পরে ফিলিপাইনের রাজধানী থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেন শহরে যান। সেখানে গত বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন।

Read full story at source